বিএনপি-সমর্থকদের ভোটকেন্দ্রে যেতে বাধা ও পোলিং এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে নাটোর সদর উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে ভোট বর্জন করেছেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা।
গতকাল সংবাদ সম্মেলন করে তাঁরা ভোট বর্জনের ঘোষণা দেন।
সকাল ১০টায় সদর উপজেলার হয়বতপুর বাসস্ট্যান্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বিএনপি-সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম ভোট বর্জনের ঘোষণা দেন। কিছুক্ষণ পর একই স্থানে হালসা ইউনিয়নের দলীয় প্রার্থী ইব্রাহিম খলিল সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। সকাল সাড়ে ১০টার দিকে ছাতনী ইউনিয়নের বিএনপির প্রার্থী সুলতান আহম্মেদও সংবাদ সম্মেলনের ডাক দেন। তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন এবং তার কারণ তুলে ধরেন।
বেলা ১১টার দিকে তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও বিএনপি-সমর্থিত প্রার্থী গোলাম সারোয়ার সংবাদ সম্মেলন করেন। সাড়ে ১১টার দিকে কাফুরিয়া ইউনিয়নের বিএনপি-সমর্থিত প্রার্থী খবির উদ্দিন শাহ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।