বিএনপির মনোনয়ন ঠিক হবে গোপন ব্যালটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থীদের মনোনয়ন হবে গোপন ব্যালটের মাধ্যমে। এর আগে প্রার্থীরা ভোটদাতাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন। খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার বর্তমান মেয়র মো. আবু ইউসুফ চৌধুরী এ কথা জানিয়েছেন।
ইউসুফ চৌধুরী বলেন, সোমবার (আজ) খাগড়াছড়ি পৌরসভা মিলনায়তনে সকাল ১০টায় খাগড়াছড়ি পৌরসভা ও বেলা তিনটায় মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মনোনয়নপ্রত্যাশীদের ভোট হবে। বিএনপির পৌর কমিটি ও সংশ্লিষ্ট পৌরসভার ওয়ার্ড কমিটি এবং পৌর এলাকায় বসবাসকারী জেলা, উপজেলা ও প্রত্যেক অঙ্গ দলের দুজন করে মেয়র মনোনয়নে ভোট দেবেন।
খাগড়াছড়ি পৌরসভায় মেয়র পদে মনোনয়ন চেয়েছেন বিএনপির জেলা কমিটির আইনবিষয়ক সম্পাদক আবদুল মালেক, সদস্য অনিমেষ চাকমা ও জেলা কমিটির যুববিষয়ক সম্পাদক আইয়ুব আলী। মাটিরাঙ্গা পৌরসভায় বর্তমান মেয়র মো. আবু ইউসুফ চৌধুরী ও পৌর কমিটির সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া।