বিএনপির মনোনয়ন না পেয়ে চারজন 'বিদ্রোহী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় তৃতীয় ধাপে সাত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিএনপির ‘মনোনয়নবঞ্চিত’ চারজন বর্তমান চেয়ারম্যান ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন। ২৩ এপ্রিল ওই সাত ইউপিতে ভোট হবে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার বরমচাল ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী দলের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোক্তাদীর। সেখানে বর্তমান চেয়ারম্যান ও দলের ইউনিয়ন কমিটির সদস্য ইছহাক চৌধুরী ওরফে ইমরান বিদ্রোহী প্রার্থী। জয়চণ্ডী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিএনপির একাংশের উপজেলা কমিটির সদস্য কমর উদ্দিন আহমদ দলের মনোনয়ন পাননি। সেখানে দলের মনোনয়ন পেয়েছেন রুমেল খান। কমর বিদ্রোহী প্রার্থী হয়েছেন। রাউৎগাঁও ইউনিয়নে বিএনপির প্রার্থী কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি যুক্তরাজ্যপ্রবাসী আবদুল মোহিত ওরফে সুহেল। এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও দলের একাংশের উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল জলিল ওরফে জামাল বিদ্রোহী প্রার্থী। ব্রাহ্মণবাজার ইউনিয়নে বিএনপির প্রার্থী দলের একাংশের উপজেলা কমিটির সদস্য বদরুল হোসেন খান। ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিএনপির ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক রফিক আহমদ সেখানে বিদ্রোহী প্রার্থী। এ ছাড়া কুলাউড়া সদর ইউনিয়নে বিএনপির প্রার্থী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ। এখানে বিদ্রোহী প্রার্থী স্বেচ্ছাসেবক দলের একাংশের উপজেলা কমিটির আহ্বায়ক জুবের আহমদ খান ও বিএনপির একাংশের ইউনিয়ন কমিটির সদস্য আকমল হোসেন ওরফে শুভ। ভূকশিমইল ও কাদিপুর ইউনিয়নে বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই। ভূকশিমইল ইউনিয়নে বিএনপির প্রার্থী দলের একাংশের ইউনিয়ন কমিটির সদস্য আজিজুর রহমান ও কাদিপুর ইউনিয়নে দলের মনোনীত প্রার্থী কানাডাপ্রবাসী হাবিবুর রহমান ওরফে ছালাম।
রাউৎগাঁও ইউনিয়নের ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল জলিল বলেন, ‘দলের সুবিধাবাদী কিছু নেতা টাকার বিনিময়ে আমাকে মনোনয়নবঞ্চিত করেছেন। তবে তৃণমূলের নেতা-কর্মীরা আমার সঙ্গে আছেন।’
ব্রাহ্মণবাজার ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী রফিক আহমদ বলেন, ‘দল আমাকে প্রথম মনোনয়ন দিয়েছিল। পরে তা ছিনতাই হয়ে গেছে। ৩৫ বছর ধরে দলের সঙ্গে আছি। নেতা-কর্মীরা ব্যালটের মাধ্যমে এর জবাব দেবেন।’ বিএনপির মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক খালেদা রব্বানী বলেন, ‘দলের কেন্দ্র থেকে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে এর বেশি আমি কিছু জানি না।’