
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আজহারুল মান্নান ও খন্দকার আবু জাফর বিএনপির দলীয় প্রত্যয়নপত্র পেয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ জানান, নারায়ণগঞ্জের প্রতিটি আসনেই বিকল্প প্রার্থী রেখেছে বিএনপি। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে দল থেকে দুজনকে মনোনয়নের চিঠি দেওয়া হলেও আজহারুল মান্নানের মনোনয়ন চূড়ান্ত হওয়ার সম্ভাবনা আছে। বিকল্প প্রার্থী হিসেবে খন্দকার আবু জাফরকে দল থেকে চিঠি দেওয়া হয়েছে।
গতকাল বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত চিঠি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল মান্নানের হাতে তুলে দেওয়া হয়। দলীয় মনোনয়নের সবুজ সংকেত পেয়ে সোমবার উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন বলে জানান আজহারুল মান্নান।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম জানান, আজহারুল মান্নান দলের ত্যাগী নেতা। তিনি কর্মীবান্ধব মানুষ। সততা ও ন্যায়নীতির কারণে বর্তমান সরকার আমলে আওয়ামী লীগ প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি মনোনয়ন পাওয়ার কারণে দলের ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস চলছে।