গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, ভাসানী স্মৃতি সংসদ ভবনে কীভাবে বিএনপির মহানগর অফিস রয়েছে, তা তদন্ত করে দেখা হবে। ঢাকার নয়াপল্টনে এ বাড়িটি বর্তমানে অবৈধভাবে দখল করে রাখার অভিযোগ রয়েছে। তদন্তের পর এ ব্যাপারে ব্যবস্থা নেবে সরকার।গতকাল বুধবার জাতীয় সংসদে শাহ জিকরুল আহমেদের এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে গতকাল প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।মন্ত্রী বলেন, নয়াপল্টনের ৮০ নম্বর বাড়িটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মাসিক ভাড়ায় ১৯৯০ সালের ১২ মে ভাসানী স্মৃতি সংসদকে বরাদ্দ দেওয়া হয়। রাস্তাসহ বাড়িটির জমির পরিমাণ পাঁচ কাঠার চেয়ে একটু বেশি। ২০০২ সালের দর অনুসারে জমির দাম অবকাঠামোসহ ৪২ লাখ চার হাজার ৫৬১ টাকা এবং রাস্তা বাদে ৩৫ লাখ ৫৯ হাজার ৫৬১ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে বাড়িটির নিচতলায় ভাসানী স্মৃতি সংসদ, দ্বিতীয় তলায় বিএনপির ঢাকা মহানগর কার্যালয় এবং তৃতীয় তলায় (টিনশেড) ভাসানী স্মৃতি মিলনায়তন ও বিএনপির মহানগর কার্যালয় রয়েছে। তবে বরাদ্দের শর্ত অনুযায়ী, বরাদ্দ গ্রহীতা অন্য কাউকে ভাড়া বা সাবলেট দিতে পারেন না।প্রতিমন্ত্রী জানান, বাড়িটি মওলানা ভাসানী মেমোরিয়াল ট্রাস্টের কাছে এক হাজার এক টাকা প্রতীকী মূল্যে বিক্রির জন্য পূর্ত মন্ত্রণালয় ২০০৫ সালের ২ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠায়। একই বছরের ৬ এপ্রিল কিছু বিষয়ে স্পষ্ট করার জন্য সারসংক্ষেপটি মন্ত্রণালয়ে ফেরত দেওয়া হয়।