বিএনপির মহাসচিব ও প্রেসক্লাবের সভাপতির ছয় মামলা স্থগিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে করা তিনটি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই ধরনের অভিযোগে প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে করা তিনটি মামলার কার্যক্রমও স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এম ইনায়েতুর রহিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে মামলাগুলো কেন বাতিল করা হবে না, তা তিন সপ্তাহের মধ্যে জানাতে রুল জারি করেছেন আদালত। মামলা বাতিল চেয়ে খোন্দকার দেলোয়ার হোসেন ও শওকত মাহমুদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। তাঁদের পক্ষে মামলা পরিচালনা করেন খন্দকার মাহবুব হোসেন ও নাসিরউদ্দিন আহমেদ। সরকারপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী। নাসিরউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এমন অভিযোগে দুজনের বিরুদ্ধে করা পৃথক ছয়টি মামলার কার্যক্রম স্থগিত করেছেন আদালত। জানা যায়, রাজধানীর মুক্তাঙ্গনে ২৫ জুলাই এক সমাবেশে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি বক্তব্য দিয়েছেন, এমন অভিযোগে তাঁর বিরুদ্ধে ৩ আগস্ট বগুড়ায়, ৪ আগস্ট চট্টগ্রামে ও ৫ আগস্ট সিরাজগঞ্জে পৃথক তিনটি মামলা করা হয়। এর আগে ২০ মার্চ কক্সবাজারে বিএনপির বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে শওকত মাহমুদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন অভিযোগে ২৫ মার্চ খুলনায়, ২৮ মার্চ ঢাকায় এবং ১ এপ্রিল টাঙ্গাইলে মামলা করা হয়। এসব মামলা বাতিল চেয়ে তাঁরা হাইকোর্টে আবেদন করেন।