বিএনপির মহাসচিবসহ তিন নেতার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ তিন শীর্ষ নেতার বিরুদ্ধে গতকাল বুধবার চট্টগ্রামের একটি আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় তাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। মামলাটি আমলে নেওয়া হবে কি না, এ বিষয়ে শুনানির পর আজ বৃহস্পতিবার বিচারিক হাকিম আদেশ দেবেন। আদালত সূত্র জানায়, বিএনপির মহাসচিব ছাড়া মামলার অন্য আসামিরা হলেন স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউল খায়ের চৌধুরী আদালতে মামলাটি করেন। গতকাল এ বিষয়ে আংশিক শুনানি হয়েছে। আজ শুনানির পর হাকিম আদেশ দেবেন।বাদীর কৌঁসুলি দীর্ঘতম বড়ুয়া প্রথম আলোকে বলেন, গত ২৫ জুলাই রাজধানীর মুক্তাঙ্গনে বিএনপি আয়োজিত সমাবেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে বিএনপির এ তিন নেতা প্রধানমন্ত্রীকে হত্যার প্রচ্ছন্ন হুমকি দেন। তাঁদের এই বক্তব্য ফৌজদারি কার্যবিধির ১২০(খ) ও ৫০৬(খ) ধারায় অপরাধের শামিল।