বিএনপির মহাসমাবেশ নিয়ে হাইকোর্টে রিট বিভক্ত আদেশ
চার দলের মহাসমাবেশে কর্মী-সমর্থকদের আসতে বাধা না দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিভক্ত আদেশ দেন।এখন আবেদনটি প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি হাইকোর্টের তৃতীয় বেঞ্চে বিষয়টি নিষ্পত্তির জন্য পাঠাবেন।গতকাল দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি রুল জারি করেন। রুলে সংবিধানে বর্ণিত নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বিবাদীদের ছয় সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। তবে অন্য বিচারপতি এর সঙ্গে দ্বিমত পোষণ করে রিট আবেদনটি সরাসরি খারিজ করেন।গতকাল সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস চার দলের মহাসমাবেশে কর্মী-সমর্থকদের আসতে বাধা না দেওয়া, অবৈধভাবে আটক ব্যক্তিদের মুক্তি ও জনগণের স্বাভাবিক চলাচলের নির্দেশনা চেয়ে ওই রিট আবেদনটি করেন। এতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বিবাদী করা হয়।আবেদনের ওপর প্রথমে দুপুর ১২টায় প্রায় এক ঘণ্টা শুনানি হয়। মধ্যে বিরতি দিয়ে দুপুর আড়াইটা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত শুনানি চলে।রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী রুহুল কুদ্দুস ও মির্জা আল মাহমুদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও মুরাদ রেজা।আদেশের পর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জাতীয় দৈনিকে আসা খবরে আমরা দেখেছি, মানুষকে সারা দেশের সব জায়গা থেকে আসতে বাধা দেওয়া হচ্ছে। বেআইনিভাবে গ্রেপ্তার করছে। সংবিধানে মানুষকে দেওয়া মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। এসব বিষয় নিয়ে হাইকোর্টে রিট করা হয়।’অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘কতগুলো দৈনিক কাগজ সন্নিবেশিত করে করা রিটে বলা বিএনপির নেতা-কর্মীদের সমাবেশে আসতে দেওয়া হচ্ছে না। এতে তাঁদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। আমরা বলেছি, এটা একটা রাজনৈতিক ইস্যু। এটা আদালতে নিয়ে আসা ঠিক হয়নি।’আবেদনের পক্ষে এ সময় আইনজীবী রফিকুল ইসলাম মিয়া, জয়নুল আবেদীন, এম বদরুদ্দোজা প্রমুখ উপস্থিত ছিলেন।