বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৩০
বরিশালের গৌরনদী উপজেলায় গত রোববার বিএনপির বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের কর্মীদের হামলায় অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা বিএনপির কার্যালয়ের চেয়ার-টেবিলসহ ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করে। আহত ব্যক্তিরা হলেন: বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবদুস সোবহান, সাধারণ সম্পাদক আবুল হোসেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল লোকমান, চাঁদশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহসম্পাদক রুহুল আমিন চোকদার, উপজেলা যুবদলের সভাপতি শরীফ সফিকুর রহমান, পৌর সাধারণ সম্পাদক মো. জামাল হাওলাদার প্রমুখ। এদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে গৌরনদী ও দুজনকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, দেশব্যাপী বিএনপির নেতাদের নির্যাতন, হামলা ও মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলা বিএনপির সভাপতি আবদুস সোবহানের নেতৃত্বে পাঁচ শতাধিক নেতা-কর্মী মিছিলে যোগ দেন।আবদুস সোবহান অভিযোগ করেন, মিছিলটি গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদের কাছে পৌঁছা মাত্র ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ব্যানার ছিনিয়ে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। আত্মরক্ষার জন্য নেতা-কর্মীরা বিএনপির কার্যালয় ও আশপাশের বাড়িতে আশ্রয় নেন। এ সময় হামলাকারীরা পুলিশের উপস্থিতিতে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ও অফিসের সামনে রাখা ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করে। অফিসে আশ্রয় নেওয়া শতাধিক নেতা-কর্মীকে বেধড়ক মারধর করে তারা।উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহাবুব আলম হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপির মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশ্লীল স্লোগান দেওয়ায় কতিপয় ছাত্রলীগ নেতা-কর্মী তাঁদের ধাওয়া করে।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, বিএনপির নেতারা অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় বের হলে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।