বিএনপির মিছিলে পুলিশের বাধা, সংঘর্ষে আহত ৩০
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নাটোর ও চুয়াডাঙ্গায় মিছিলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে চারজন পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন। নাটোরে সংঘর্ষের ঘটনায় পুলিশ বিএনপির ১০ জন নেতা-কর্মীকে আটক করেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:নাটোর: পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বড়গাছা খাদ্যগুদামের কাছে পৌঁছালে পুলিশ মিছিলে লাঠিপেটা করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে সরকারি এনএস কলেজ ছাত্রাবাসের মাঠে অবস্থান নেয়। সেখান থেকে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। প্রায় আধা ঘন্টা ধরে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ চলে। এ সময় দুলুসহ বিএনপির ১১জন নেতা-কর্মী এবং সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আপেল মাহমুদসহ পুলিশের চারজন সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বিএনপির কর্মী রিপন, মুক্তা, মালেক ও কালামসহ ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়। সহকারী পুলিশ সুপার আপেল মাহমুদ জানান, বিএনপির নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়েছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। কিন্তু পুলিশ মিছিলে বাধা দিয়ে লাঠিচার্জ করে।’ চুয়াডাঙ্গা: দলীয় কার্যালয় থেকে বেলা ১১টায় বিএনপির নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি শহরের ভোজনবিলাস হোটেলের সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। কিন্তু বাধা উপেক্ষা করে মিছিলটি এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। আধা ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। পুলিশের লাঠিপেটায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ওয়াহেদুজ্জামানসহ ১৫ জন নেতা-কর্মী আহত হন। আহত ব্যক্তিদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সুনামগঞ্জে দুই পক্ষের পৃথক কর্মসূচিআমাদের সুনামগঞ্জ প্রতিনিধি জানান, জেলা বিএনপির দুই পক্ষ পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি পালন করেছে। সকালে এক পক্ষ শহরের পুরোনো বাসস্ট্যান্ড থেকে এবং অপর পক্ষ স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে মিছিল বের করে।মিছিল শেষে আলফাত স্কয়ারে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ফজলুল হক আছপিয়া, সম্পাদক রফিক চৌধুরী, আবুল মনসুর প্রমুখ। স্টেডিয়াম প্রাঙ্গণে অপর পক্ষের সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ প্রমুখ।