বিএনপির মিছিলে পুলিশের বাধা
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ফরিদপুর, চুয়াডাঙ্গা ও বরিশালে বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দিয়েছে ও লাঠিচার্জ করেছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: বিএনপির মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এ ঘটনায় বেশ কয়েকজন নেতা-কর্মী প্রহূত হয়েছেন। বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের মুজিব সড়কে জেলখানার সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা পৌনে ১১টার দিকে শহর বিএনপির মিছিল স্থানীয় স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে মুজিব সড়কে জেলখানার সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয় ও লাঠিচার্জ করে। এ সময় শহর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর মিয়া, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা বিএনপির সহসভাপতি এ কে এম কাইউম, কৃষক দলের নেতা আফজাল হোসেন, ছাত্রদলের সভাপতি বেনজীর আহমেদসহ কয়েকজন নেতা-কর্মী প্রহূত হন।চুয়াডাঙ্গা: গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপি সরকারি বালিকা বিদ্যালয়সংলগ্ন অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের ধস্তাধস্তির পর মিছিলটি দলীয় কার্যালয়ে ফিরে আসে। সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ওয়াহেদুজ্জামান, শহিদুল ইসলাম প্রমুখ।বরিশাল: গতকাল সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে বিএনপি মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। মিছিল করতে না পেরে তারা কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে।কোতোয়ালি মডেল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় মিছিল করতে নিষেধ করা হয়েছে।