বিএনপির মিছিলে পুলিশের বাধা সংঘর্ষ, গাড়ি ভাঙচুর
বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের কারণে গতকাল শনিবার বিকেলে রাজধানীর মালিবাগ মোড়, শান্তিনগর ও মৌচাক এলাকা অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়। টানা প্রায় ২০ মিনিট পুলিশের মুহুর্মুহু ফাঁকা গুলি আর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের কারণে বিএনপির মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় বিএনপির কর্মীরা মালিবাগ এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং বেইলি রোডে একটি গাড়িতে আগুন দেন।এ ঘটনায় পুলিশের এক সদস্যসহ কয়েকজন আহত হন। এর মধ্যে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেনের পায়ে ছররা গুলি লাগে বলে তিনি প্রথম আলোকে জানিয়েছেন। তবে তা গুরুতর কিছু নয় বলে জানান তিনি।‘সরকারের দুর্নীতি, দুঃশাসন, নির্যাতন-নিপীড়ন ও গণহত্যার’ প্রতিবাদে গতকাল বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয় বিএনপি। মিছিলের আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে মিছিল বের করে মগবাজারে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির মিছিলের মূল অংশটি নয়াপল্টন থেকে মালিবাগে পৌঁছানোর আগেই বিকেল সোয়া চারটার দিকে অগ্রবর্তী দল হিসেবে ছোট আকারের খণ্ড খণ্ড কয়েকটি দল মিছিল নিয়ে মালিবাগ ও শান্তিবাগে এসে উপস্থিত হয়। তখন শান্তিবাগ এলাকা থেকে আসা ছোট একটি মিছিল অগ্রবর্তী খণ্ড মিছিলগুলোর সঙ্গে যুক্ত হতে চাইলে মালিবাগ মোড়ে পুলিশ বাধা দেয়। ওই সময় পুলিশ ধাওয়া দিলে বিএনপির নেতা-কর্মীরা আশপাশের বিভিন্ন অলিগলিতে ঢুকে পুলিশকে লক্ষ্য করে জুতা ও ইটের টুকরা নিক্ষেপ করতে থাকেন। তাঁরা কয়েকটি যানবাহনও ভাঙচুর করেন। এ সময় মিছিলকারীদের ছোড়া ইটের আঘাতে নাজমুল হাসান নামের পুলিশের এক সদস্য আহত হন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়লে অগ্রবর্তী দলের ওই মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।এর প্রায় ২০ মিনিট পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে মূল মিছিলটি শান্তিনগর মোড়ের কাছে এসে পৌঁছায়। মির্জা ফখরুল মিছিল নিয়ে শান্তিনগর মোড় পার হয়ে মালিবাগের দিকে ১০০ গজের মতো যেতে না-যেতেই বিপরীত দিক থেকে পুলিশের কয়েক শ সদস্য ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে বাধা দেন। সঙ্গে সঙ্গে শান্তিনগর মোড়ে আগে থেকে সাঁজোয়া যান নিয়ে অবস্থানরত পুলিশের সদস্যরাও পাশ থেকে এবং মিছিলের পেছনে থাকা পুলিশও ফাঁকা গুলি করতে থাকেন। তিন দিক থেকে মুহুর্মুহু গুলি ও কাঁদানে গ্যাসের তোড়ে কয়েক মিনিটের মধ্যে সড়ক ফাঁকা হয়ে যায়। মিছিলকারীরা আশপাশের গলি, বিপণিবিতানে ঢুকে পড়ে। এ সময় মির্জা ফখরুল, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, রহুল কবির রিজভীসহ বিএনপির অন্য নেতারা দৌড়ে ওই এলাকা ত্যাগ করেন।সংঘর্ষ চলাকালে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে মানুষ দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। ভয়ে পথচারী অনেক নারী-শিশুকে কাঁদতে দেখা যায়। দোকানপাট বন্ধ করে দিয়ে ভেতরে অবস্থান নেন ব্যবসায়ীরা।সংঘর্ষ চলাকালে মিছিলকারীদের একটি অংশ বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুলের পূর্বদিকের ফটকের কাছে একটি গাড়ি পুড়িয়ে দেয়। সেখান থেকে পুলিশ পাঁচজনকে আটক করে। একই সময় শান্তিনগর এলাকা থেকেও একজনকে আটক করে পুলিশ।পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, মিছিলকারীরা নয়াপল্টন থেকে মালিবাগ-মৌচাক এলাকায় আসা মাত্র যানবাহনে ভাঙচুর শুরু করে। তাতে পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। পাল্টা জবাব হিসেবে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ছাড়া মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে বলেও মেহেদী হাসান অভিযোগ করেন।তবে পুলিশের এই অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। তিনি সাংবাদিকদের বলেন, মিছিল ছিল শান্তিপূর্ণ। কোনো উসকানি ছাড়াই পুলিশ মিছিলের ওপর হামলা চালিয়েছে। তিনি এ অগণতান্ত্রিক আচরণের নিন্দা জানান।শাহবাগের তরুণদের হুঁশিয়ারি: মিছিলের আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তৃতায় বিএনপির ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকা দাবি করেন, সরকার তাদের বিভিন্ন কেলেঙ্কারি ধামাচাপা দিতে কিছু তরুণকে নিয়ে শাহবাগের আন্দোলন চালাচ্ছে। শাহবাগের আন্দোলনকারীরা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাঁরা সরকারের হালুয়া-রুটি খেয়ে সরকারের তাঁবেদারি করছেন। তিনি শাহবাগের তরুণদের জনগণের মনের কথা বোঝার আহ্বান জানান। অন্যথায় পাড়ায়-মহল্লায় প্রতিরোধ আন্দোলন গড়ে তোলো হবে বলে হুঁশিয়ার করেন। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল দাবি করেন, সরকার বিগত চার বছরের ব্যর্থতা ঢাকার জন্য নতুন করে কৌশল অবলম্বন করতে শুরু করেছে। তারা ধর্মপ্রাণ মুসলমানের ওপর নির্মমভাবে হামলা চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ধর্মীয় মূল্যবোধ ধ্বংস করার চেষ্টা করছে। মির্জা ফখরুল বলেন, ‘গত কয়েক দিনে সরকার পুলিশ লেলিয়ে দিয়ে সাধারণ মানুষ হত্যা করছে। আমরা এ ঘটনার ধিক্কার জানাই। নিন্দা জানাই।’ তিনি বলেন, যে সরকার জনগণের নিরাপত্তা দিতে পারে না, তাদের ক্ষমতায় থাকা উচিত নয়। তাই সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি জানান তিনি।