বিএনপির মিছিলে পুলিশের বাধার অভিযোগ
নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে পুলিশি বাধার অভিযোগ করেছেন দলের নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, শহরের দুই নম্বর রেলগেট এলাকায় গতকাল শুক্রবার সকালে দলীয় মিছিলে বাধা দেয় পুলিশ।জেলা বিএনপির সূত্র জানায়, ২৯ জানুয়ারি অনুষ্ঠেয় গণমিছিলের সমর্থনে গতকাল বেলা ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়। দুই নম্বর রেলগেট এলাকায় যাওয়ার পর পুলিশ ওই মিছিলটি দলীয় কার্যালয়ের দিকে ঘুরিয়ে দেয়। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাগিবতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়।বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সহসম্পাদক ও জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, পুলিশের বাধায় তাঁদের মিছিল শহর প্রদক্ষিণ করতে পারেনি।এর আগে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, জেলা বিএনপির সহসভাপতি জান্নাতুল ফেরদৌস, শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, ২৯ জানুয়ারি রাজধানীর গণমিছিলে নারায়ণগঞ্জ থেকে লক্ষাধিক লোকের সমাবেশ ঘটানো হবে। বিএনপির নেতা-কর্মীদের ঢাকায় যেতে কোনো বাধা দেওয়া হলে অবস্থান ধর্মঘট পালন করা হবে।