বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটা আ.লীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ১০ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার আবাদ পুকুর উচ্চবিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।এর আগে একই স্থানে একই সময়ে বিএনপি ও মুক্তিযোদ্ধা সংসদ পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করে। এর পরিপ্রেক্ষিতে সেখানে উপজেলা প্রশাসন গতকাল বেলা ১১টা থেকে ২৪ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করে।রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুল ইসলাম পাটোয়ারী ও স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, একডালা ইউনিয়ন বিএনপি ওই উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় এক সমাবেশ ডাকে। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন তালুকদার (বগুড়া-৩ আসনের এমপি) উপস্থিত থাকবেন বলে প্রচারণা চালানো হয়। তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে উল্লেখ করে রানীনগর, আত্রাই ও আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ একই স্থানে পাল্টা সমাবেশ ডাকে। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে ১৪৪ ধারা জারি করা হয়। স্থানীয় বিএনপির নেতা ও একডালা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনের ভাষ্যমতে, গতকাল সকালে বিএনপির নেতা-কর্মীরা ওই মাঠ থেকে মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে তা ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরাও মিছিলে হামলা চালান। এতে তিনি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ বিএনপির ১০ জন নেতা-কর্মী আহত হন। আহতদের মধ্যে কালীগ্রাম ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক আবির হোসেনকে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং হাবিব নামে যুবদলের আরেক কর্মীকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।