বিএনপির মিছিলে হামলা, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে গতকাল মঙ্গলবার বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত ২০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে নেতারা দাবি করেছেন। নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়েছিল। ওই হামলার পর কে পি বসু সড়কে বিএনপির কার্যালয়ে ভাঙচুর এবং দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি মসিউর রহমানের বাসার সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ মজিদ অভিযোগ করেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করার পর প্রথমে পুলিশ তাঁদের বাধা দেয়। বাধা পেরিয়ে তাঁরা মিছিল করে দলীয় কার্যালয়ে ফিরে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে সরকারি দলের সমর্থকেরা অতর্কিতে হামলা চালান। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব অভিযোগ করেন, পুলিশের সামনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে সরকারদলীয় ক্যাডাররা হামলা চালিয়েছে।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম বলেন, তাঁদের দলের কেউ মিছিলে হামলা চালায়নি।