বিএনপির মিজানের পক্ষে প্রচারণায় সিলেটের মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমানের নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার রাতে আমবাড়ি বাজারে।  ছবি: প্রথম আলো
সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমানের নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার রাতে আমবাড়ি বাজারে। ছবি: প্রথম আলো

সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক ও দোয়ারাবাজার) বিএনপির প্রার্থী মিজানুর রহমান চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি নির্বাচনী এলাকার তিনটি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গ্রামে পথসভা করেছেন। এ সময় দলীয় প্রার্থী ও নেতা-কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।

জেলার পাঁচটি আসনের মধ্যে কেবল এ আসনে এবার নতুন মুখ হিসেবে মিজানুর রহমান চৌধুরীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। মিজানুর রহমান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

দলীয় নেতা-কর্মীরা জানান, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গত শনিবার বিকেল থেকে নির্বাচনী এলাকা দোয়ারাবাজারের পান্ডারগাঁও, দোহালিয়া ও মান্নারগাঁও ইউনিয়নে ধানের শীষের পক্ষে প্রচারণায় যোগ দেন। তিনি এ তিনটি ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভায় ভাষণ দেন এবং ধানের শীষে ভোট চান।

সর্বশেষ সভা করেন শনিবার রাত সাড়ে নয়টায় মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি বাজারে। স্থানীয় প্রবীণ ব্যক্তি আবদুল মালিকের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জীবন, মেয়র আরিফুল হক চৌধুরী, দলীয় প্রার্থী মিজানুর রহমান চৌধুরী, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল কদ্দুস, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো. শওকত প্রমুখ।

সভায় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘ধানের শীষের পক্ষে জনজোয়ার সৃষ্টি হয়েছে। সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট হলে সুনামগঞ্জের প্রতিটি আসনে বিএনপি প্রার্থীরা জয়লাভ করবেন। কিন্তু নানাভাবে এখন বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। এই হয়রানি বন্ধ করতে হবে।’নেতা-কর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, ‘মাঠ ছাড়া যাবে না। ভোটের দিন কেন্দ্র পাহারা দিতে হবে। না হলে ভোট চুরি হবে।’