বিএনপির মুজিবের প্রার্থিতা প্রথমে স্থগিত, পরে গ্রহণ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজি মুজিবুর রহমান চৌধুরী ওরফে হাজি মুজিবের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার মনোনয়নপত্র বাছাইকালে হলফনামায় মামলা–সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে প্রথমে তাঁর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল। বিষয়টি নিয়ে প্রার্থী আপত্তি করলে বিকেলে শুনানিকালে যুক্তি ও তথ্য উপস্থাপন করায় জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
গতকাল দুপুরে মৌলভীবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তোফায়েল ইসলাম জেলার চারটি নির্বাচনী এলাকার মনোনয়নপত্র যাচাই–বাছাই করেন। এ সময় মৌলভীবাজার–৪ আসনে বিএনপির মুজিবুরের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত করা হয়। বাকি ৪ জনের মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন।
মুজিব হলফনামায় মামলা–সংক্রান্ত বিষয়ে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল থানায় তার ওপর ১৩টি মামলার তথ্য উপস্থাপন করেন। এদিকে শ্রীমঙ্গল থানা থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তথ্য উপস্থাপন করা হয় দুই থানায় ১৬টি মামলার আসামি মুজিব।
এ বিষয়ে মুজিবুর আপত্তি করলে বেলা তিনটায় আবারও শুনানি হয়। তিনি সেখানে বলেন, ১৬টি মামলার মধ্যে তিনটি মামলায় অভিযোগপত্র থেকে তাঁকে অব্যাহতি দেওয়ায় তিনি সেগুলো হলফনামায় উপস্থাপন করেননি। অবশেষে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেন।
জানতে চাইলে মুজিবুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উদ্দেশ্যমূলকভাবে তাঁর মনোনয়নপত্র বাতিলের অপেচষ্টা করেছিল একটি প্রভাবশালী পক্ষ। তিনি হলফনামায় সঠিকভাবে তথ্য উপস্থাপন করায় এ অপচেষ্টা ব্যর্থ হয়েছে।
জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরে আলম প্রথম আলোকে বলেন, হলফনামায় একজন প্রার্থীর তথ্য বোঝার জন্য প্রথমে তাঁর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল। সবশেষে যাচাই–বাছাই করে মৌলভীবাজার-৪ আসনের সব প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।