নাটোর পৌরসভার বিএনপির মেয়র পদপ্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন নির্বাচনী প্রচারণায় বাধাদান, পোস্টার ছেঁড়াসহ তাঁর প্রাণনাশের হুমকির অভিযোগ করে এক সংবাদ সম্মেলন করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন। এ সম্মেলন থেকে তিনি পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবিও জানান।
শেখ এমদাদুল হক লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে তিনি কমিশনের নিয়মকানুন মেনে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রচারণার কাজ করতে গিয়ে প্রায়ই সরকারদলীয় কর্মী-সমর্থকদের বাধার মুখোমুখি হচ্ছেন। গত বুধবার বিকেলে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি বলারীপাড়ায় গণসংযোগ করতে গেলে যুবলীগের স্থানীয় নেতা মানিকের নেতৃত্বে সাত-আটজন সন্ত্রাসী তাঁকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে চলে যেতে বলে। ভবিষ্যতে তাঁকে সেখানে দেখলে পিটিয়ে মেরে ফেলার হুমকি দেয় তারা।
ফলে সেখানে প্রচারণা না চালিয়ে বিকেল পাঁচটার দিকে বড়হরিশপুরে শের-ই-বাংলা উচ্চবিদ্যালয় এলাকায় গণসংযোগ শুরু করেন শেখ এমদাদুল হক। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমের নেতৃত্বে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল মোটরসাইকেল বহর নিয়ে সেখানে হাজির হয়। তারা তাঁর নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করে তাৎক্ষণিক এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য টানাহেঁচড়া শুরু করে। এ সময় রিয়াজুল তাঁকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করা হয়।
শেখ এমদাদুল হক বলেন, এর আগে পিটিআই এলাকাতে গণসংযোগের সময়ে যুবলীগের সন্ত্রাসীরা তাঁর কাজে বাধা দিয়ে তাৎক্ষণিক এলাকা ছাড়তে বাধ্য করে। শহরের বিভিন্ন এলাকায় তাঁর পোস্টার লাগাতে দেওয়া হয়নি ও লাগানো পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। নারী কর্মীরা বিভিন্ন এলাকায় ভোট চাইতে গেলে সরকারদলীয় সন্ত্রাসীরা তাঁদের অশালীন ভাষায় গালাগাল করে চুল কেটে দেওয়ার হুমকি দিচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ এবং জীবনের নিরাপত্তার জন্য নির্বাচন কমিশনারের কাছে ভোটের সময় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, নাটোর সদর থানা বিএনপির সভাপতি রহিম নেওয়াজ, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন তালুকদার প্রমুখ।
এ ব্যাপারে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম বলেন, বিএনপির প্রার্থীর সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি নির্বাচনে পরাজয়ের আভাস পেয়ে মিথ্যা অভিযোগ করেছেন।
রিটার্নিং কর্মকর্তা কাজী আতিউর রহমান বলেন, বিএনপির প্রার্থীর পক্ষ থেকে হুমকির বিষয়ে গতকাল লিখিত অভিযোগ পাওয়া গেছে। এরপর এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী উমা চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
তবে উমা চৌধুরী দাবি করেন, তাঁর কোনো কর্মী বা সমর্থক শেখ এমদাদুল হককে হুমকি দেননি। বরং তাঁকে বিব্রত করতে বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়েছে।