বিএনপির মেয়র প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার বেতাগীতে বিএনপির মেয়র প্রার্থী হুমায়ূন কবিরের মাইক্রোবাস গত শনিবার রাতে ভাঙচুর করে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে ওই প্রার্থীর বাড়ির সামনে থেকে তোলা ছবি l প্রথম আলো
বরগুনার বেতাগীতে বিএনপির মেয়র প্রার্থী হুমায়ূন কবিরের মাইক্রোবাস গত শনিবার রাতে ভাঙচুর করে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে ওই প্রার্থীর বাড়ির সামনে থেকে তোলা ছবি l প্রথম আলো

বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মো. হুামায়ূন কবিরের বাড়িতে গত শনিবার গভীর রাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের প্রার্থী এ বি এম গোলাম কবিরের সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছেন বলে হুরমায়ূনের অভিযোগ।
হুয়মায়ূন অভিযোগ করেন, শনিবার রাত ১২টার দিকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা শহরের উপজেলা পরিষদের সামনে অবস্থিত বাড়িতে কয়েকজন কর্মীর সঙ্গে নির্বাচন-সংক্রান্ত আলোচনা করছিলেন। আকস্মিক ছাত্রলীগ-যুবলীগের শতাধিক নেতা-কর্মী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে ঢুকে পড়েন। এ সময় হুগমায়ূন ও তাঁর পরিবারের লোকজন দৌড়ে বাড়ির দোতলার একটি কক্ষে আশ্রয় নেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ হামলার সময় একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল এবং পাশের দুটি ঘর, একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালান। বেশির ভাগ হামলাকারীর মাথায় হেলমেট ও মাফলার দিয়ে মুখ ঢাকা ছিল। হামলাকারীরা ভাঙচুরের সময় বাড়ির আলমারি ভেঙে কয়েক ভরি সোনার গয়না ও মূল্যবান জিনিসপত্রও লুটে নেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত একটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বেতাগী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের কিছু দুষ্টু ছেলে বিএনপির প্রার্থীর বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ এবং পাশের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের দরজা ভাঙচুর করেছে। খবর পেয়ে আমরা সেখানে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন পরিস্থিতি শান্ত আছে।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম গোলাম কবির গতকাল রোববার বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা প্রথমে আমার একটি নির্বাচনী কার্যালয় এবং এক হিন্দু ব্যবসায়ীর একটি দোকান ভাঙচুর করেছে। এর জের ধরে আমাদের কিছু কর্মী বিএনপির প্রার্থীর বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে। খবর পেয়ে আমি সেখানে গিয়ে আমার কর্মীদের নিবৃত্ত করেছি। এর বেশি কিছু হয়নি।’