চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী রফিকুল আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
রফিকুল আলমের পুত্রবধূ গত বৃহস্পতিবার রাতে বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় এ মামলা করেন।
রফিকুল আলমের বড় ছেলে শহিদুল আলমের স্ত্রী নাসিমা সুলতানা যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগ করেন। তিনি মামলায় তাঁর স্বামী ছাড়াও শ্বশুর রফিকুল ও শাশুড়ি মাসুমা বেগমকে আসামি করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর আহমেদ।
দলের স্থানীয় কর্মীরা বলেন, মামলার বিষয়টি জানতে পেরে গত শুক্র ও গতকাল শনিবার মেয়র প্রার্থী রফিকুল আলম নির্বাচনী মাঠে ছিলেন না। তাঁর পক্ষে জেলা ও উপজেলা নেতারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। রফিকুল আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে জানতে চাইলে সাতকানিয়া উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এ মামলা বিএনপির বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রের একটি অংশ। বিষয়টি মীমাংসার পর্যায়ে ছিল। আওয়ামী লীগ কৌশলে এটিকে পুঁজি করে নির্বাচনে সুবিধা নিতে চাইছে। তাঁরা নির্বাচনী প্রচারণাসহ সব কার্যক্রম অব্যাহত রেখেছেন। আর যতই ষড়যন্ত্র হোক না কেন, সুষ্ঠু নির্বাচন হলে ভোটে তাঁরাই জিতবেন।