বিএনপির মৌন মিছিল পুলিশের বাধায় পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশব্যাপী জঙ্গি ও সন্ত্রাসী হামলায় নিহত মানুষের স্মরণে বিএনপির ফরিদপুর জেলা শাখা গতকাল সকালে শহরে শোক র‌্যালি বের করে। রেজিস্ট্রি কার্যালয়ের সামনে পুলিশের বাধায় র‍্যালি পণ্ড হয়ে যায়। ছবিটি জজকোর্ট এলাকা থেকে তোলা l প্রথম আলো
দেশব্যাপী জঙ্গি ও সন্ত্রাসী হামলায় নিহত মানুষের স্মরণে বিএনপির ফরিদপুর জেলা শাখা গতকাল সকালে শহরে শোক র‌্যালি বের করে। রেজিস্ট্রি কার্যালয়ের সামনে পুলিশের বাধায় র‍্যালি পণ্ড হয়ে যায়। ছবিটি জজকোর্ট এলাকা থেকে তোলা l প্রথম আলো

গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল মঙ্গলবার ফরিদপুরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো মৌন মিছিল বের করে। তবে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।
গতকাল বেলা ১১টার দিকে শহরের আদালত চত্বরে সমাবেশ হয়। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আজম খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজ উদ্দিন, ছাত্রদলের কর্মী জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে সবার সহযোগিতা নিয়েই সরকারকে এগিয়ে যেতে হবে। শুধু প্রশাসন দিয়ে জঙ্গিবাদ মোকাবিলা সম্ভব নয়।
সমাবেশ শেষে আদালত চত্বর থেকে মৌন মিছিল বের করা হয়। মিছিলটি ফরিদপুর প্রেসক্লাব পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু প্রায় ২০ গজ যাওয়ার পর রেজিস্ট্রি কার্যালয়ের সামনে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আহমেদ বলেন, প্রশাসনকে না জানিয়ে ওই মিছিল বের করলে তা বন্ধ করে দেওয়া হয়।
রাজবাড়ীতে পৃথক কর্মসূচি: গুলশান হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে রাজবাড়ীতে গতকাল দুপুরে জেলা বিএনপির ব্যানারে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। এক পক্ষের কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অপর পক্ষের নেতৃত্ব দেন সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ।
বেলা ১১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ার আহ্বানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আলী নেওয়াজের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক সভাপতি ও সাবেক সাংসদ নাছিরুল হক, সহসভাপতি রোকন উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এ বি এম মঞ্জুরুল আলম প্রমুখ।
এদিকে দুপুর ১২টায় রেলস্টেশন এলাকায় জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেকের ব্যক্তিগত কার্যালয় থেকে শোক র্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তা প্রেসক্লাবের সামনে শেষ হয়। সেখানে
সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন এম এ খালেক। এ সময় বক্তব্য দেন সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সাবেক পৌর মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া প্রমুখ।
১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে আগ্নেয়াস্ত্রধারী জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ জন বিদেশিসহ ২০ জনকে হত্যা করে। এ ছাড়া জঙ্গিদের ছোড়া বোমার স্প্লিন্টারে মারা যান পুলিশের দুই কর্মকর্তা।