চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় মেয়র পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। চন্দনাইশ উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম বলেন, গত শনিবার পৌর বিএনপির সভায় মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে পৌর বিএনপির সভাপতি নুরুল আনোয়ারের নাম চূড়ান্ত করা হয়েছে।
এদিকে পটিয়া ও চন্দনাইশে গতকাল রোববার মেয়র পদে আরও পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
পটিয়ায় মেয়র পদে আওয়ামী লীগ থেকে পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র অধ্যাপক হারুনুর রশিদ এবং ইসলামী ফ্রণ্ট থেকে আবু তাহের মোজাদ্দেদীসহ দুজন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পটিয়া উপজেলা সহকারী রিটার্নি কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ বিষয়টি নিশ্চিত করেছেন।
চন্দনাইশে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মাহবুবুল আলম, পৌর বিএনপির সভাপতি নুরুল আনোয়ার ও স্বত্বন্ত্র প্রার্থী জসিম উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চন্দনাইশ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল লতিফ শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।