বিএনপির মেয়র প্রার্থী পেলেন মাত্র ৯৯ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর কেশরহাট পৌরসভায় বিএনপি থেকে তিনি গতবার পৌর মেয়র নির্বাচিত হন। এবারও বিএনপির প্রার্থী ছিলেন। এখানে দলের কোনো বিদ্রোহী প্রার্থীও ছিলেন না। তবু তিনি ১০০টি ভোটও পাননি। বিএনপির এই প্রার্থীর নাম আলাউদ্দিন আলো।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার অনুষ্ঠিত ভোটে আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান শহীদ ৭ হাজার ৩৪৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী পান ৪ হাজার ৯৯৬ ভোট। জাতীয় পার্টির প্রার্থী পেয়েছেন ২৬৬ ভোট। কিন্তু বিএনপির প্রার্থী পেয়েছেন মাত্র ৯৯ ভোট।
জানা গেছে, আলাউদ্দিন কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক। তিনি ২০১১ সালের মেয়র নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে দুই হাজারের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। এবার তাঁর শোচনীয় পরাজয়ের ব্যাপারে দলীয় নেতা-কর্মীরা বলছেন, তিনি গত নির্বাচনের পর গণবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। নেতা-কর্মীদের মূল্যায়ন করেননি। এলাকার উন্নয়নও করতে পারেননি। মানুষ কাজে ডাকলে বলতেন ভবিষ্যতে তিনি আর নির্বাচনই করবেন না।
পৌর বিএনপির সভাপতি আবু হেনা কামরুজ্জামান বলেন, আলাউদ্দিন আলো তো নির্বাচনের মাঠেই ছিলেন না। গা-ঢাকা দিয়েছিলেন। প্রচার-প্রচারণা চালাননি। দুই-একটি সভা করে হাওয়া হয়ে গিয়েছিলেন। তিনি আরও বলেন, এই এলাকায় বিএনপির ভোট বেশি। কিন্তু বিএনপির এই প্রার্থী বিতর্কিত হয়ে গিয়েছিলেন। দলীয় কর্মসূচিতেও তেমন থাকতেন না। এসব কারণে দলের নেতা-কর্মীরা তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বিএনপির ভোট জামায়াত আর আওয়ামী লীগের প্রার্থীর মধ্যে ভাগাভাগি হয়ে গেছে।
পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক উসমান আলী বলেন, নির্বাচনে বেশি প্রভাব ফেলেছে প্রার্থীর ব্যক্তিগত আচার-আচরণ। তিনি আর নির্বাচন করবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন। এরপর দলীয় প্রতীক দেখে হঠাৎ করে প্রার্থী হন। তাই তিনি দলের লোকজনের ভোটও পাননি।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা বলেন, ‘কার্যত ভোটের দুই দিন আগেই আমাদের দলীয় প্রার্থী সরে গিয়েছিলেন। এ কারণেই বিএনপির ভোটাররা জামায়াত প্রার্থীকে সমর্থন দেন।’
এ ব্যাপারে কথা বলার জন্য গতকাল একাধিকবার আলাউদ্দিন আলোর মুঠোফোনে ফোন করা হয়। একবার তিনি ফোন ধরলেও কোনো কথা বলেননি।