বিএনপির মেয়র প্রার্থী 'অসুস্থ', জমা দেননি মনোনয়নপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জমা দেননি। বিএনপির প্রার্থী জাবেদ হাসান বলেছেন, কোনো চাপ বা ভয়ভীতির কারণে নয়, শারীরিক ও মানসিকভাবে সুস্থ না থাকায় তিনি নির্বাচন করছেন না।
গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন ও কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
টেকনাফ পৌরসভা বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, হঠাৎ করে বুধবার রাতে পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে জাবেদ হাসান নির্বাচন করবেন না বলে জানান। এরপর বিষয়টি জেলা বিএনপির সভাপতিকে জানানো হয়।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহাজাহান চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গত বুধবার গভীর রাতে জাবেদ হাসান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও নতুন করে আর কোনো প্রার্থীকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।
জাবেদ হাসান গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। এ অবস্থায় নির্বাচন করা আমার পক্ষে মোটেও সম্ভব নয়। তাই নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু দল আমাকে মনোনয়ন দিয়ে যে ভালোবাসা দেখিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।’ নির্বাচন থেকে সরে দাঁড়াতে তাঁর ওপর কোনো চাপ ছিল না বলে জানান তিনি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ২ মে। প্রত্যাহারের শেষ সময় ৯ মে। ভোট গ্রহণ করা হবে ২৫ মে। টেকনাফ পৌরসভার ভোটার ১৩ হাজার ৩১৪ জন।
মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ ইসলাম। তিনি পৌরসভার বর্তমান মেয়র ও টেকনাফের সাংসদ আবদুর রহমান বদির চাচা।
কক্সবাজার জেলা নিবার্চন কর্মকর্তা ও টেকনাফ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও মোহাম্মদ ইসমাইল, এস এম এ ফারুক, মো. হাশেম ও জাহাঙ্গীর আলম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বিএনপির প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর বলেন, ‘বিএনরির প্রার্থী স্বেচ্ছায় নির্বাচন না করলেও আওয়ামী লীগের কিছু করার নেই। থাকলে ভালো হতো। তবে আমাদের দলের প্রার্থী এলাকায় অনেক জনপ্রিয়।