সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীকে আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর অনুসারীরা প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তাঁর প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে।
গতকাল সোমবার বিএনপির মেয়র পদপ্রার্থী বেলাল হোসেনের স্ত্রী সাবিরা সুলতানা ও তাঁর ছেলে সাদমান সাব্বির সিরাজগঞ্জে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
গতকাল দুপুরে সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে সাবিরা বলেন, ‘নির্বাচনী প্রচার শুরুর পর থেকে আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকেরা আমার স্বামীসহ পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন।
এ ছাড়া পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। রোববার রাতে প্রচারণা চালানোর সময় আমার স্বামীর সামনে থেকে তাঁর নির্বাচনী সমন্বয়কারী আমার ভাতিজা শাহ আলমকে ধরে নিয়ে যায় পুলিশ। তাঁর বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও পরে তাঁকে অন্য মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়। একইভাবে অন্যদের পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর ভয় দেখানো হচ্ছে। বর্তমানে এমন অবস্থা হয়েছে, আমার স্বামী নির্বাচনী প্রচারণা চালাতেও ভয় পাচ্ছেন। তিনি নিরাপত্তাহীনতায় ভোগায় বাধ্য হয়ে আমি সন্তানকে সঙ্গে নিয়ে এই সংবাদ সম্মেলন করছি।’ তিনি আরও বলেন, ভয়ভীতির বিষয় উল্লেখ করে উল্লাপাড়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীব কুমার সরকারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে বিএনপির মেয়র পদপ্রার্থী বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগের মেয়র প্রার্থী নজরুল ইসলাম নিজে ও তাঁর অনুসারীরা বিভিন্নভাবে বাধা দিয়ে আসছেন। এখন আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ইতিপূর্বে দুইবার মেয়র নির্বাচিত হয়েছি। সে সময় বিরোধী দলে থাকলেও এমন অবস্থার সৃষ্টি হয়নি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিধিমোতাবেক প্রচার-প্রচারণার সুযোগ না পেলে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না।’
হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে নজরুল ইসলাম বলেন, জনগণের কাছে তাঁর (বেলাল) অবস্থান ভালো নয়। এটি বুঝতে পেরে তিনি সরে দাঁড়াতে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলেছেন।
ইউএনও সন্দীব কুমার সরকার বলেন, এ রকম একটি অভিযোগ বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষ থেকে পাওয়া গেছে। অভিযোগের প্রতিটি বিষয়ই খতিয়ে দেখা হবে। তাঁকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক আহমেদ বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তি নাশকতা মামলার সন্দেহভাজন আসামি।