লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থীকে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর লোকজন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত কয়েক দিন তাঁরা তাঁকে এভাবে হুমকি-ধমকি দিচ্ছেন।
গত সোমবার রাতে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর সমর্থকেরা বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনের সমন্বয়কারী উপজেলা বিএনপির সভাপতিসহ দুই নেতার বাড়ি ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের হুমকিতে বিএনপির মেয়র পদপ্রার্থীর মালিকানাধীন একটি ক্লিনিক গতকাল মঙ্গলবার বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া বাড়ির সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মহড়া দেওয়ায় বিএনপির প্রার্থী বাইরে বের হতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে বিএনপির প্রার্থী এ বি এম জিলানী গতকাল বেলা তিনটার দিকে বলেন, সকাল থেকে বাড়ির সামনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর লোকজন মহড়া দিচ্ছেন। তিনি বাড়ি থেকে বের হতে পারছেন না। ভোটকেন্দ্র দখলে কয়েক শ বহিরাগত চিহ্নিত সন্ত্রাসী রায়পুরে অবস্থান করছে।
আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ইসমাইল খোকন দাবি করেন, তাঁর সমর্থকেরা বিএনপি প্রার্থীর বাড়ির সামনে গিয়ে মহড়া দিচ্ছেন না।
এদিকে বিএনপি প্রার্থীর ক্লিনিক ‘মেঘনা হাসপাতাল’-এর ব্যবস্থাপক মিনাল মজুমদার বলেন, গতকাল সকালে পাঁচ-ছয়জন অপরিচিত যুবক এসে হাসপাতাল বন্ধ রাখতে নির্দেশ দেন। তাঁরা ভর্তি হওয়া রোগীদের বের করে দিতে বলেন। ভয়ে তাঁরা হাসপাতাল বন্ধ করতে বাধ্য হন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আওয়ামী লীগের প্রার্থীর নেতা-কর্মীরা সোমবার রাত ১০টার দিকে শহরে মিছিল করে ২০-৩০টি ককটেলের বিস্ফোরণ ঘটান। তাঁরা উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর সমন্বয়ক মনিরুল ইসলাম হাওলাদারের বাড়িতে হামলা করে জানালার কাচ ভাঙচুর করেন। এর আগে পৌর যুবদলের সভাপতি ইকবাল হোসেনের বাড়িতে হামলা চালিয়েও ভাঙচুর করা হয়। বিএনপি প্রার্থীর কর্মী ল্যাংড়া বাজারের ব্যবসায়ী ছিদ্দিক মিয়ার চায়ের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল জাহের মিয়াজীর প্রচারের মাইক ভাঙচুর করা হয়েছে। গতকাল সকালে শহরের উপজেলা পরিষদ সড়কে অবস্থিত মেঘনা হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে।
বিএনপির প্রার্থী এ বি এম জিলানী বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা দেখছি না। আমাকে এবং দলের নেতা-কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। ক্ষমতাসীন দলের প্রার্থীর লোকজন ছয়-সাতটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে নিষেধ করেছে। আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারার প্রস্তুতি নিচ্ছেন বলে শুনেছি। ভোটার ও প্রার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে রাতে ওয়ার্ডে ওয়ার্ডে বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।’
আওয়ামী লীগের প্রার্থী ইসমাইল খোকন বলেন, ‘আমাদের লোকজন মেঘনা হাসপাতাল বন্ধ করেনি। বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে কেউ হামলা করেনি। প্রার্থীদের হুমকি দেওয়ার অভিযোগও সঠিক নয়। পরাজয় জেনে তিনি (বিএনপির প্রার্থী) নাটক করছেন। বিএনপির লোকজনই ভোটের দিন কেন্দ্রে সন্ত্রাসী হামলা করতে পারে।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান বলেন, ‘উপজেলা বিএনপির সভাপতির বাড়িতে হামলার খবর পেয়েছি। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নাশকতা ও সহিংসতা রোধে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। রায়পুরের ১৩টি ভোটকেন্দ্রের সবগুলোই কেন্দ্রই অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য কেন্দ্রগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপ নিতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।’