বিএনপির মেয়র প্রার্থীর অনুসারীকে পিটিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী শাহনাজ আক্তারের অনুসারী পৌর ছাত্রদলের সভাপতি ওমর ফারুক ওরফে রাজুকে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল রোববার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শাহনাজ আক্তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়েরের কর্মী-সমর্থকদের দায়ী করে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ‘বিএনপির মেয়র প্রার্থী এ ঘটনায় আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) চিঠি দেওয়া হয়েছে। নির্বাচনে কেউ বেআইনি কাজ করলে তাঁর বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেবে।’
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গতকাল দুপুর ১২টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদ এলাকায় অবস্থিত রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে ওমর ফারুক বাসায় ফিরছিলেন। ওই সময় বাসস্ট্যান্ড এলাকায় আবুল খায়েরের অনুসারী পৌর ছাত্রলীগ কর্মী শিহাব খান, ফরিদ উদ্দিন, মমিন মিয়া, জাহিদ হোসেন ও সোহেল রানার নেতৃত্বে একদল কর্মী শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তাঁর ওপর অতর্কিতে হামলা চালান। তাঁরা ফারুককে রড দিয়ে পিটিয়ে আহত করেন। তাঁর দুই পা ও পিঠে জখমের চিহ্ন রয়েছে। পরে হামলাকারীরা ওমর ফারুকের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় কয়েকজন বাসিন্দা দ্রুত তাঁকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শাহনাজ আক্তার দাবি করেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য তাঁর কর্মীর ওপর হামলা চালানো হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে আবুল খায়ের বলেন, ‘আমার কাছে কেউ এ ধরনের ঘটনার কথা জানায়নি। বিষয়টি আমি খতিয়ে দেখছি।’
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, অভিযোগ বিষয়ে তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।