বিএনপির মেয়র প্রার্থীর এক কর্মীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচরণবিধি লঙ্ঘন করে মিছিল ও শোডাউন করার অভিযোগে নারায়ণগঞ্জে রূপগঞ্জের তারাব পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মো. নাসির উদ্দিনের এক কর্মীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিনের ভাষ্য, আজ রোববার দুপুরে উপজেলার রূপসী থেকে আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি প্রার্থীর পক্ষে মিছিল-শোডাউন করায় সেখান থেকে মোকসেদুর রহমান রানা নামে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজুর রহমান তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। মোকসেদুর রহমানের বাড়ি রূপসী এলাকায়।

তবে বিএনপির মেয়র প্রার্থী মো. নাসির উদ্দিন অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে মিছিল-শোডাউন করা হলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। অথচ বিএনপির প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা ও মিছিলে প্রশাসন বাধা দিচ্ছে। অন্যদিকে পুলিশ পরিচয়ে যুবলীগ-ছাত্রলীগের ক্যাডাররা আমাদের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত তাঁদের বাড়িতে না থাকতে। পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাও প্রচারণায় অংশ নেওয়ায় আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তারের ভয় দেখিয়ে হয়রানি করছেন।’

এ অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাসিনা গাজী বলেছেন, ‘যুবলীগ-ছাত্রলীগের কোনো নেতা-কর্মী বিএনপির কোনো কর্মী সমর্থককে হয়রানি করছেন না। এই নির্বাচনে তাদের দলের দুজন মেয়র প্রার্থী হয়েছেন। তাদের অভ্যন্তরীণ বিরোধের জের ধরেই এই ঘটনা ঘটছে। এর জন্য তারা আমাদের যুবলীগ-ছাত্রলীগকে দোষারোপ করছে। যুবলীগ-ছাত্রলীগের যদি কোনো নেতা-কর্মী এই ধরনের ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকে তাহলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’