বিএনপির মেয়র প্রার্থীর গণসংযোগে হামলা
নারায়ণগঞ্জের তারাব পৌরসভায় আজ রোববার বিএনপির মনোনীত মেয়র প্রার্থী নাসির উদ্দিন আহমদের নির্বাচনী গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। হামলায় মেয়রপ্রার্থীর অন্তত দশজন সমর্থক আহত হয়েছেন। তাঁদের নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেয়রপ্রার্থী নাসির উদ্দিন আহমদের অভিযোগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা এ হামলা করেছেন।
স্থানীয় সূত্র জানায়, আজ বিকেল পাঁচটার দিকে তারাব পৌরসভার এক নম্বর ও দুই নম্বর ওয়ার্ড এলাকায় মেয়রপ্রার্থী নাসির উদ্দিন তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ করতে যান। এ সময় লাঠিসোঁটা নিয়ে কয়েকজন যুবক হামলা চালান। হামলাকারীরা গণসংযোগে থাকা তিনটি মাইক্রোবাসও ভাঙচুর করেন।
নাসির উদ্দিন অভিযোগ করেন, আওয়ামী লীগের পরাজয় নিশ্চিত ভেবেই যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ক্যাডাররা এই হামলা চালিয়েছে। বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এই হামলা চালানো হয়েছে।
অভিযোগ অস্বীকার করে রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কোনো নেতা-কর্মী এই হামলার ঘটনায় জড়িত নন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, কারা এ হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।