বিএনপির মেয়র প্রার্থীর বিরুদ্ধে আ.লীগ প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর পৌরসভায় আওয়ামী লীগদলীয় মেয়র প্রার্থী উমা চৌধুরী গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির মেয়র প্রার্থীর বিরুদ্ধে সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগ তুলেছেন।
তবে বিএনপির মেয়র প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে উমা চৌধুরী লিখিত বিবৃতিতে অভিযোগ করেন, শেখ এমদাদুল হক পৌর এলাকার বিভিন্ন মসজিদে গিয়ে মুসল্লিদের মাঝে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছেন। এটা সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘনের শামিল। এ ব্যাপারে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।
উমা চৌধুরী বলেন, ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকেরা প্রকাশ্যে আওয়ামী লীগ কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন। ভবিষ্যতে তাঁরা ক্ষমতায় গেলে আওয়ামী লীগ কর্মীদের দেখে নেওয়া হবে বলেও হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিএনপি প্রার্থীর বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা আলী ও নাটোর সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
বিএনপির মেয়রপ্রার্থী শেখ এমদাদুল হক দাবি করেন, তিনি মসজিদে গিয়ে ভোট চাননি। মুসল্লিদের দোয়া চেয়েছেন মাত্র। পাল্টা অভিযোগ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের মেয়র প্রার্থী যখন বিভিন্ন মন্দিরে গিয়ে সভা-সমাবেশ করেন, তখন সেটা সাম্প্রদায়িকতা হয় না?’