হবিগঞ্জ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে আওয়ামী লীগের প্রার্থীর করা আপিল আবেদন খারিজ করেছেন জেলা প্রশাসক। গত শুক্রবার শুনানি শেষে গউছের মনোনয়নপত্র বৈধ হিসেবে বহাল রাখা হয়।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ৬ ডিসেম্বর মনোনয়নপত্র জমা শেষে আতাউর রহমান বিএনপির প্রার্থী জি কে গউছের বিরুদ্ধে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তথ্য গোপনের অভিযোগ করেন। এতে তিনি উল্লেখ করেন, জি কে গউছ হবিগঞ্জ পৌরসভার মেয়র থাকা অবস্থায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যাকাণ্ডে অভিযুক্ত হন ও সাময়িক বরখাস্ত হন। গউছ হলফনামায় তা উল্লেখ করেননি। এ ছাড়া তিনি সম্পদ ও অর্থের ক্ষেত্রে অনেক তথ্য গোপন করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা এ অভিযোগ বাতিল করেন। পরে আতাউর রহমান জেলা প্রশাসকের কাছে আপিল করেন। শুক্রবার এ আপিলের শুনানি হয়। সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক সাবিনা আলম শুনানি করেন। জেলা প্রশাসক তা খারিজ করেন এবং জি কে গউছের মনোনয়নপত্র বৈধ হিসেবে বহাল রাখেন।