বিএনপির মেয়র প্রার্থীর সরে দাঁড়ানোর ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির মেয়র পদপ্রার্থী রফিকুল আলম। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে নিজের ব্যবসায়িক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে রফিকুল আলম বলেন, সরকারি দলের নেতারা তাঁকে অব্যাহতভাবে চাপ দিচ্ছেন। মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে তাঁকে ও নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, ভয়ভীতি ও হুমকির কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন।

রফিকুল আলম বলেন, নেতা-কর্মী-সমর্থক ও পরিবারের সদস্যদের মামলা-হামলা থেকে রক্ষা করতে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া তাঁর কোনো উপায় ছিল না। সাতকানিয়ায় নির্বাচনের পরিবেশ নেই—এই অভিযোগ করে সাতকানিয়া পৌর বিএনপির এই সভাপতি বলেন, ‘আমার জনপ্রিয়তা ও ধানের শীষের গণজোয়ার দেখে সরকারি দল বুঝতে পেরেছে তাদের প্রার্থী জিতবে না। তাই আমি ও আমার পরিবার এবং কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তাই এই অসুস্থ নির্বাচনের রাজনীতি থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।’

রফিকুল আলম বলেন, তিনি যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারতেন। সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার আগে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলাপ করেননি বলে জানান তিনি।

এদিকে রফিকুল আলমের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘আমাদের প্রার্থীকে কিডন্যাপ করে সংবাদ সম্মেলন করে প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে। আমি তাঁকে ফোনে পাচ্ছি না। তবে যত কিছুই হোক, আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াব না। নির্বাচন আমরা করব।’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, ‘আমাদের প্রার্থীকে অস্ত্রের মুখে নিয়ে গিয়ে সংবাদ সম্মেলন করিয়ে প্রত্যাহারের ঘোষণা নেওয়া হয়েছে। এখন প্রত্যাহারের কোনো সুযোগ নেই। প্রত্যাহারের সময় পার হয়ে গেছে। আমরা নির্বাচনে আছি এবং থাকব।’

অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের প্রার্থী মো. জোবায়ের বলেন, ‘পরাজয় নিশ্চিত জেনে তিনি প্রলাপ বকছেন। পরিবার থেকে তাঁর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ওখানে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। তাঁকে কোনো হুমকি দেওয়া হয়নি।’

সাতকানিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ বলেন, ‘তিনি তো আমাদের কাছে হুমকি-ধমকির কোনো মৌখিক অভিযোগও করেননি। এখানে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিরাজ করছে। তাঁর অভিযোগ সত্য নয়। তাঁকে কোনো হয়রানিও করা হয়নি।’ তিনি জানান, ব্যালট পেপারে রফিকুল আলমের নাম ও প্রতীক থাকবে।

প্রসঙ্গত, ২৪ ডিসেম্বর নগরের কোতোয়ালি থানায় রফিকুল আলমের বিরুদ্ধে তাঁর পুত্রবধূ নারী নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর থেকে তিনি আর প্রচারণায় অংশ নেননি।

বিএনপির প্রচারণা বন্ধ: বিএনপির প্রার্থী রফিকুল আলম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর ধানের শীষের পক্ষে সব ধরনের প্রচারণা বন্ধ হয়ে গেছে। বন্ধ করে দেওয়া হয়েছে নির্বাচনী কার্যালয়গুলোও। প্রার্থীর সরে যাওয়ার ঘোষণায় দলীয় নেতা-কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

গতকাল বিকেলে সরেজমিনে দেখা যায়, বিভিন্ন এলাকার নির্বাচনী কার্যালয় বন্ধ করে নেতা-কর্মীরা চলে গেছেন। কানুপুকুর এলাকার নির্বাচনী কার্যালয়ের কর্মী মো. রফিককে চেয়ার গুছিয়ে নিতে দেখা যায়। জানতে চাইলে তিনি বলেন, ‘কী আর করার আছে। যিনি নির্বাচন করবেন, তিনি যদি নির্বাচন না করেন আমরা কী করব?’

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, ‘চাপ বলুন আর যা-ই বলুন, তিনি নির্বাচন করে যেতে পারতেন। সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে আমাদের বেকায়দায় ফেলে দিয়েছেন।’

সাতকানিয়া পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘টেলিভিশনের মাধ্যমে আমরা বিষয়টি জেনেছি। জানার পরপরই প্রচারকর্মীরা প্রচারণা বন্ধ করে দিয়েছেন। এর চেয়ে বেশি কিছু জানি না।’