বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী স্বপ্ন দেখছেন ‘বঙ্গবন্ধু রিভারভিউ’ নামে আবাসস্থল স্থাপনের। দরিদ্র জনগোষ্ঠী ও বৃদ্ধ নারী-পুরুষের জন্য হবে এ আবাসস্থল।
পৌরসভার মেয়র ও বিএনপি মনোনীত প্রার্থী মল্লিক মোহাম্মদ আইউব পৌরসভা থেকে গত নভেম্বরে প্রকাশিত ‘অগ্রগতির ১০ বছর’ স্মারকগ্রন্থে তাঁর বক্তব্যে ওই অঙ্গীকার করেন।
এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতারা দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ কেন্দ্রীয় বিএনপির নেতাদের কাছে তাঁর মনোনয়ন বাতিলের দাবি করে লিখিত অভিযোগ করেছেন।
একই সঙ্গে মেয়র পদে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মো. মনিরুজ্জামান খানও কেন্দ্রীয় নেতাদের কাছে এ ঘটনায় অভিযোগ করেছেন।
‘অগ্রগতির ১০ বছর’ স্মারকগ্রন্থ সূত্রে জানা গেছে, ৪৮ পৃষ্ঠার ওই স্মারকগ্রন্থের ৫ নম্বর পৃষ্ঠায় মল্লিক মোহাম্মদ আইউবের ছবি দিয়ে ‘আমার দুটি কথা’ শিরোনামে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত করে গত পাঁচ বছর পৌরবাসীর কল্যাণে কাজ করার সুযোগ দেওয়ায় নাগরিকদের তিনি শুভেচ্ছা জানান। এ ছাড়া সেখানে তিনি দরিদ্র জনগোষ্ঠী ও বৃদ্ধ নারী-পুরুষদের জন্য ‘বঙ্গবন্ধু রিভারভিউ’ নামে পরিকল্পিত ও আধুনিক আবাসস্থল স্থাপনের স্বপ্নের কথা বলেন।
স্থানীয় বিএনপির জ্যেষ্ঠ ও তরুণ কয়েকজন নেতা-কর্মী অভিযোগ করেন, মল্লিক মোহাম্মদ আইউব দীর্ঘদিন ধরে সুযোগসন্ধানী হিসেবে কাজ করছেন। তিনি ব্যক্তিগত প্রয়োজনে আওয়ামী লীগের পক্ষে কখনো প্রকাশ্যে কখনো নেপথ্যে কাজ করেছেন। তিনি পাথরঘাটার রাজনীতিতে সব সময়ই সরকারি দলের সঙ্গে থেকেছেন। তিনি আওয়ামী লীগের ছায়াতলে থেকে সরকার ও স্থানীয় আওয়ামী লীগকে খুশি করতে ওই স্বপ্ন দেখছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, বিএনপির স্থানীয় নেতারা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান খানের নাম কেন্দ্রে পাঠিয়েছিলেন। কিন্তু মনিরুজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়নি।
এদিকে এ ঘটনার প্রতিবাদে ও মেয়র পদে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মনোনয়ন ঘোষণার পর থেকে প্রতিবাদ সভা, শহরে মৌন মিছিল ও পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি। বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মনিরুজ্জামান খানকে নিয়ে মাঠে রয়েছেন স্থানীয় বিএনপির একাংশের নেতা-কর্মীরা।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতাদের কাছে লিখিত অভিযোগ দেওয়ার কথা স্বীকার করে মনিরুজ্জামান খান বলেন, ‘আমাদের বক্তব্য কেন্দ্রীয় নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে।’
আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ার হোসেন বলেন, বিএনপির প্রার্থী হঠাৎ ধানের শীষ নিয়ে মাঠে নেমে জনগণের সঙ্গে প্রতারণা করছেন।
বিভিন্ন অভিযোগ অস্বীকার করে মল্লিক মোহাম্মদ আইউব বলেন, ‘আমি যে দলই করি না কেন, বঙ্গবন্ধুকে জাতির জনক ও জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মানি।’