বিএনপির মেয়র বসিয়েছেন হাট আ.লীগের মেয়র করছেন মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর উপজেলা সদরের বনওয়ারী নগরে উপজেলার একমাত্র খেলার মাঠটি বেদখল হয়ে যাচ্ছে। ২০০১ সালে তৎকালীন মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মাঠটি দখল করে বাঁশ ও পাটশোলার হাট বসিয়ে গেছেন। বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খ ম কামরুজ্জামান মাঠটির একাংশ দখল করে পৌর মুক্তমঞ্চ তৈরির কাজ শুরু করেছেন।এতে মাঠটিতে খেলার পরিবেশ নষ্ট হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছে উপজেলা ক্রীড়া সংস্থা ও স্থানীয় এলাকাবাসী। তারা অবিলম্বে মাঠটি দখলমুক্ত করে খেলার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার অভিযোগ থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন খেলাধুলার আয়োজন করে আসছিল। ২০০১ সালে পৌরসভার তৎকালীন মেয়র আবুল হোসেন মাঠটি দখল করে বাঁশ ও পাটশোলার হাট বসান। তিনি মাঠের বিভিন্ন অংশ হাটের ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়ার প্রথাও চালু করেন। ফলে এ সময় থেকে মাঠটিতে খেলাধুলার পরিবেশ নষ্ট হতে থাকে।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পৌর মেয়র নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খ ম কামরুজ্জামান। তিনি বাঁশ ও পাটশোলার হাট অব্যাহত রেখে আরও কিছু ব্যবসায়ীকে মাঠের বিভিন্ন অংশ ভাড়া দেন। সমপ্রতি তিনি মাঠটি স্থায়ীভাবে দখলের জন্য পৌর মুক্তমঞ্চ তৈরির কাজ শুরু করেছেন। গত মঙ্গলবার দুপুরে দেখা যায়, পুরো মাঠে বাঁশ ও পাটশোলা ছড়ানো রয়েছে। একপাশে বসেছে কাঠের আসবাবের দোকান ও রবিশস্যের পাইকারি দোকান। মাঠের পূর্ব দিকে রয়েছে ফরিদপুর পৌর ভবন। এই ভবনের সামনে মাঠের একাংশে তৈরি হচ্ছে পাকা ইমারত। মাটি থেকে ইট, সিমেন্ট দিয়ে দেয়াল তুলে এখন পিলার তৈরির কাজ চলছে। বনওয়ারী নগর গ্রামের মো. আবুল এহসান জানান, এই মাঠে একসময় নামীদামি খেলোয়াড়দের ফুটবল খেলা হতো। কিন্তু এখন দখলদারদের কারণে এই মাঠে কোনো খেলা হয় না। শুক্র ও মঙ্গলবার হাট বসে। অন্য দিনগুলোতেও বাঁশ ও পাটশোলা স্তূপ করা থাকে।উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মুবিন উল আলম খন্দকার জানান, মাঠটি দখলমুক্ত করার জন্য উপজেলাবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। কিন্তু মেয়ররা তোয়াক্কা করেন না। যখন যে সরকার ক্ষমতায় থাকে, তখন সে দলের প্রভাব থাকে। বর্তমান মেয়র মাঠের বিভিন্ন অংশ ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়েছেন। অন্যদিকে ভাড়া দেওয়ার জন্য নতুন করে তৈরি করছেন মুক্তমঞ্চ। মঞ্চটি তৈরি করা হলে মাঠে পুরোপুরি খেলার পরিবেশ নষ্ট হয়ে যাবে।উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডি এম আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, বর্তমানে মাঠটি জেলা প্রশাসনের দায়িত্বে রয়েছে। কিন্তু হাট বসানোর বা মুক্তমঞ্চ তৈরির কোনো বিষয়েই প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি। জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, মাঠে যা তৈরি হচ্ছে, তা অবৈধ স্থাপনা।পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খ ম কামরুজ্জামান বলেন, মুক্তমঞ্চটি ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়, জনগণের জন্যই তৈরি করা হচ্ছে। হাটের উন্নয়নের স্বার্থে জায়গাটি পাকা করা হবে, এতে মাঠের কোনো ক্ষতি হবে না। এ ব্যাপারে জেলা প্রশাসনের অনুমতি আছে বলে দাবি করেন তিনি।