বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়ার দাবি
মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের দাবিতে পাল্টা সংবাদ সম্মেলন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপির একটি অংশ৷ গতকাল সোমবার কুড়িগ্রাম প্রেসক্লাবে এ পক্ষের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু বকর সিদ্দিক।
এর আগে জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলামের কুশপুত্তলিকা দাহ করার প্রতিবাদে গত শনিবার পুরোনো পোস্ট অফিসপাড়ার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের অপর অংশ৷ এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান৷
আবু বকর সিদ্দিক নিজেকে দলের ভারপ্রাপ্ত সভাপতি দাবি করে বলেন, ‘অধিকাংশ নেতা-কর্মী আমাদের সঙ্গে আছেন৷’ সংবাদ সম্মেলনে বলা হয়, জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন৷ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব সভাপতির অনুপস্থিতিতে জেলা বিএনপির জ্যেষ্ঠ সভাপতি আবু বকর সিদ্দিককে দলীয় কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। সে অনুযায়ী কার্যক্রম পালন করতে গিয়ে তাঁরা বাধার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান ২০০৯ সালে গঠিত মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে না দিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন। তিনি ব্যক্তিগতভাবে সুবিধা লাভের জন্য সাম্প্রতিক উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলের সঙ্গে সমন্বয় করে ভুল ও অপেক্ষাকৃত দুর্বল প্রার্থী মনোনয়ন দিয়ে বিএনপির বিজয়কে বাধাগ্রস্ত করেছেন।
সংবাদ সম্মেলনে বিএনপির রাজনীতিকে গতিশীল করার জন্য মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আবু বকরের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ উমর ফারুক, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সহসভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান। এ সময় বিভিন্ন অঙ্গ-সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
শনিবারের সংবাদ সম্মেলনে সাইফুর রহমান দাবি করেন, মূল ধারা থেকে বিচ্যুত কয়েকজন নেতা জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলামের জনপ্রিয়তায় ক্ষুব্ধ হয়েছেন৷ তাঁরাই তাঁকে হেয়প্রতিপন্ন করতে কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি আবদুল আজিজ, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র নুর ইসলাম নুরুসহ উপজেলা থেকে আসা জ্যেষ্ঠ নেতারা৷ তবে তাসভীর উল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।