বিএনপির মোশাররফসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন
দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী ১৯ আগস্ট এই মামলার সাক্ষ্য গ্রহণের শুনানির দিন ঠিক করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আতাউর রহমান।
এ মামলার অপর দুই আসামি হলেন খন্দকার মোশাররফের ছেলে খন্দকার মাহবুব হোসেন ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক লাইন ডিরেক্টর চিকিৎসক মাহবুবুর রহমান। অভিযোগ গঠনের সময় মোশাররফসহ তিনজনই আদালতে হাজির ছিলেন। তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হলে নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার চান তাঁরা।
আদালত সূত্র বলছে, মামলার দায় থেকে তিন আসামি অব্যাহতি চেয়ে আদালতে লিখিত আবেদন করেন। তবে আদালত শুনানি নিয়ে তাঁদের ওই আবেদন নাকচ করে দেন।
মামলার নথিপত্র বলছে, আসামিদের বিরুদ্ধে সরকারের ৪৯ লাখ ৭ হাজার ৮০৮ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলার অভিযোগপত্রে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে খন্দকার মোশাররফ হোসেনসহ অন্য আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ও বিশ্বব্যাংকের প্রকল্পভুক্ত বিদেশ গমনে ইচ্ছুক কর্মকর্তা-কর্মচারীদের বিমানের টিকিট সরবরাহের বিষয়ে অস্বচ্ছ প্রক্রিয়ায় সাজানো টেন্ডারের মাধ্যমে সরকারের ৪৯ লাখ ৭ হাজার ৮০৮ টাকা অর্থ আত্মসাৎ করেছেন।
মোশাররফের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, স্বাস্থ্যমন্ত্রী থাকার সময় বিশ্বব্যাংকের প্রকল্পভুক্ত বিদেশ গমনে ইচ্ছুক কর্মকর্তা-কর্মচারীদের বিমানের টিকিট সরবরাহ করার জন্য কোটেশন আহ্বানে বাধ্য করেন। তাঁর ছেলে মাহবুবের স্বজন ট্রাভেলস ইন্টারন্যাশনালকে অবৈধ লাভবান করার জন্য চাপ প্রয়োগ করে সাজানো কোটেশনের মাধ্যমে কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন।
ওই ঘটনায় দুদকের উপপরিচালক লুৎফর রহমান বাদী হয়ে ২০০৮ সালের ১ সেপ্টেম্বর খন্দকার মোশাররফসহ তিনজনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান গত বছরের ১২ এপ্রিল আদালতে এই তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। আদালতে খন্দকার মোশাররফের পক্ষে শুনানি করেন বোরহান উদ্দিন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন দুদকের কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম।