বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন গ্রেপ্তার
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর তাঁকে মিন্টো রোডে ডিবির কার্যালয়ে নেওয়া হয়েছে।ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় গুলশান এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশের অপর একটি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে হরতালে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের অভিযোগে অনেক মামলা হয়েছে। এ সমস্ত মামলার কোনো একটিতে সালাহ উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হবে। গ্রেপ্তারের আগ পর্যন্ত পুলিশ কর্মকর্তারা জানতেনই না তিনি কোন মামলার আসামি।বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, রাত পৌনে ১০টার দিকে সালাহ উদ্দিন আহমদ গুলশানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের বাসা থেকে বের হন। এ সময় বাসার নিচে আগে থেকে অবস্থান নেওয়া ডিবি তাঁকে আটক করে। গতকাল বিকেলে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সালাহ উদ্দিন আহমদ এক সংবাদ সম্মেলন করেন। এর আগে গত রোববার ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় আট নেতাকে কারাগারে পাঠান আদালত। ছাত্রদলের পাঁচ নেতা গ্রেপ্তার: গতকাল রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাঁটাবন এলাকা থেকে ছাত্রদলের সদ্য সাবেক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক (রয়েল), পরিবেশবিষয়ক সম্পাদক আজমল হোসেনসহ (পাইলট) পাঁচজনকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানার পুলিশ। তাঁদের বিরুদ্ধে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার অভিযোগ রয়েছে বলে দাবি করেন থানার উপপরিদর্শক আনসারুল ইসলাম।