বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় দলের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, বিএনপির উপজেলা নির্বাচন-সংক্রান্ত কমিটির ঢাকা জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় ৬ মার্চ অনুষ্ঠিত বৈঠকে ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সভাপতি বর্তমান চেয়ারম্যান তমিজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক লোকমান হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির কর্মী মালেকাকে সমর্থন দেওয়া হয়। ৮ মার্চ ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান স্বাক্ষরিত এক পত্রে ভাইস চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেনের সমর্থন প্রত্যাহার করে উপজেলা ছাত্রদলের একাংশের সভাপতি সোহেল হায়দার চৌধুরীকে সমর্থন দেওয়া হয়। এর পরও দলীয় সিদ্ধান্তের বাইরে প্রতিদ্বন্দ্বিতা করায় লোকমান হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
যোগাযোগ করা হলে লোকমান হোসেন বলেন, ‘দল থেকে বহিষ্কারের বিষয়টি আমার জানা নেই। আমি কোনো পত্রও পাইনি। তবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলেও আমার কিছু আসে-যায় না। আমি ভোটযুদ্ধে নেমেছি, বিজয়ী হতে সর্বাত্মক চেষ্টা করে যাব।’