বিএনপির রাজনীতি প্রেস ব্রিফিং-নির্ভর: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি গঠন নিয়ে বিএনপির আন্দোলনের হুংকার অতীতের মতো। তাদের আন্দোলনের মরা গাঙে জোয়ার আসবে না। তাদের রাজনীতি এখন প্রেস ব্রিফিং-নির্ভর। আজ শুক্রবার উত্তরবঙ্গে রাজনৈতিক সফর উপলক্ষে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জের কড্ডার মোড়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দলীয় কার্যক্রম পুরোপুরি নালিশ পার্টিতে পরিণত হয়েছে। দেশবিরোধী কর্মকাণ্ড আর জ্বালাও-পোড়াও, হত্যাযজ্ঞ তাদের এই পরিণতিতে এনেছে। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতা চিরদিন থাকবে না। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন। ভালোবাসা অর্জন করুন। মানুষের ভালোবাসা ও দেশের উন্নয়নের কারণে শেখ হাসিনা জনপ্রিয় নেত্রীতে পরিণত হয়েছেন। সবকিছু বিসর্জন দিয়ে শেখ হাসিনা দেশের কল্যাণে যেভাবে কাজ করছেন, তাঁর সমকক্ষ কেউ হতে পারে না। তিনি ছাড়া আওয়ামী লীগে কোনো নেতা থাকতে পারে না। কর্মী হিসেবে তাঁর সবকিছু অনুসরণ করে আমাদের দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত থাকতে হবে। নেতামি ভাব ধরে মানুষের ক্ষতি করা যাবে না।’
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মির্জা আজম, এস এম কামাল হোসেন, স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত, সেলিনা বেগম, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ।