
বিএনপি অন্তর্বর্তী সরকারের রূপরেখা দিলে তাকে স্বাগত জানাবে ১৪ দল। আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে এ কথা জানান ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
নাসিম জানান, বিএনপি যদি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেয়, তাহলে তাকে স্বাগত জানাবে ১৪ দল। দেরিতে হলেও বিরোধীদলীয় নেতার শুভ বুদ্ধির উদয় হয়েছে। ১৪ দল মনে করে, আলোচনার মাধ্যমেই বিদ্যমান সমস্যার সমাধান সম্ভব। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দল বিএনপির সঙ্গে সংসদ বা সংসদের বাইরে আলোচনা হতে পারে।
বিএনপি অতি অল্প সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের রূপরেখা জাতির কাছে উপস্থাপন করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার বিএনপির সংসদীয় ককাসের এক সেমিনারে মির্জা ফখরুল এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম জানান, বিএনপি আন্দোলন করতে ব্যর্থ হয়েছে। তারা আন্দোলনের নামে জামায়াত-হেফাজতকে নিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছে। তত্ত্বাবধায়ক দাবি থেকে সরে এসে তারা বলেছে, নির্বাচনের রূপরেখা দেবে। তাদের কোনো প্রস্তাব থাকলে তা নিয়ে সংসদে প্রস্তাব দিতে পারে।
নাসিম জানান, আজ ১৪ দলের বৈঠকে যুদ্ধাপরাধের বিচার দ্রুত সম্পন্ন এবং জোট সম্প্রসারণে শিগগিরই মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ১৪ দল ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিরোধী দলের উদ্দেশে নাসিম জানান, এখন নির্বাচনের সময়। এখন তথাকথিত আন্দোলনের সময় নয়। বিএনপি আন্দোলনের ট্রেন মিস করেছে। এখন নির্বাচনের ট্রেন ধরুন।
ইনুর ওপর হামলার সমালোচনা
এদিকে লন্ডনে তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর ওপর দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নাসিম বলেন, ‘বিএনপি-জামায়াতের অনুসারীরা লন্ডনে তথ্যমন্ত্রীর ওপর হামলা চালিয়েছে। দেশের পাশাপাশি তারা বিদেশেও অপতত্পরতা চালাচ্ছে। সেখানেও তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
বিরোধী দলের সঙ্গে সংলাপে বসা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জানান, তারা নির্বাচনকালীন সরকার নিয়ে সংসদে এসে বলতে পারে। সেটা সংসদের বাইরেও হতে পারে।
এর আগে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে ১৪ দলের সভা অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।