মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির একাংশের রোডমার্চ কর্মসূচির গাড়িবহর স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ঢুকতে পারেনি। গতকাল মঙ্গলবার হাজার হাজার মানুষের প্রতিরোধের মুখে ওই গাড়িবহর কুলাউড়ার শেষ প্রান্তের ভাটেরা এলাকা থেকে ফিরে যেতে বাধ্য হয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাকালুকি হাওরপারের বিভিন্ন এলাকার স্থায়ী জলাবদ্ধতা নিরসনসহ ১১ দফা দাবিতে সকালে কুলাউড়ার চৌমোহনা চত্বর থেকে ৩৫টি মাইক্রোবাসের একটি বহর নিয়ে বিএনপির নেতা-কর্মীরা ফেঞ্চুগঞ্জে অবস্থিত বুড়িকিয়ারী বাঁধের উদ্দেশে রোডমার্চ শুরু করেন। ওই বাঁধের অপসারণও তাঁদের দাবির মধ্যে অন্তর্ভুক্ত আছে। এদিকে, বাঁধ অপসারণের দাবি তুলে রোডমার্চ আসছে শুনে ফেঞ্চুগঞ্জের বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা গাড়িবহর প্রতিরোধে লাঠিসোঁটা নিয়ে ফেঞ্চুগঞ্জ বাজারের ডাকবাংলো এলাকায় জমায়েত হন। সেখানে বুড়িকিয়ারী বাঁধ ও ফেঞ্চুগঞ্জ শহর রক্ষা কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা হয়। ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শুকুর উদ্দীন আহমদ এতে সভাপতিত্ব করেন। সভায় বক্তারা যেকোনো মূল্যে রোডমার্চ প্রতিহত করার ঘোষণা দেন। সভা শেষে তাঁরা লাঠিসোঁটা নিয়ে মিছিলসহকারে গাড়িবহরকে প্রতিরোধ করতে দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও খেলার মাঠের কাছে পৌঁছালে পুলিশ তাঁদের সেখানে থামিয়ে দেয়। অন্যদিকে, গাড়িবহরটি কুলাউড়ার শেষ প্রান্তের ভাটেরা বাজার এলাকা পর্যন্ত আসার পর পুলিশ সেখানে তাঁদের গতিরোধ করে। রোডমার্চে অংশগ্রহণকারীরা সেখানে পথসভা করে ফিরে যান। তাৎক্ষণিক পথসভায় বক্তব্য দেন বিগত সংসদ নির্বাচনে কুলাউড়া-২ আসনে চারদলীয় জোটের প্রার্থী ও বিএনপির নেতা আবেদ রাজা। পরে রোডমার্চটি বরমচাল, শ্রীপুর মাদ্রাসা, ব্রাহ্মণবাজার হয়ে কুলাউড়ার চৌমোহনা চত্বরে এসে থামে। সেখানে কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র কামাল আহমদ জুনেদের সভাপতিত্বে এক সভার মাধ্যমে রোডমার্চের সমাপ্তি ঘোষণা করা হয়। সভায় বক্তারা ১৫ দিনের মধ্যে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র কামাল আহমদ জুনেদ প্রথম আলোকে বলেন, ‘পুলিশ আমাদের বুড়িকিয়ারীতে যেতে দেয়নি।’ তবে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেছেন, গাড়িবহর বাঁধের কাছে গেলে সেখানে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতো। তাই তাঁদের যেতে দেওয়া হয়নি।