বিএনপির লংমার্চ নয় পানি এসেছে কূটনৈতিক তৎপরতায়
বিএনপির লংমার্চ নয়, সরকারের সফল কূটনৈতিক তৎপরতায় তিস্তায় পানির প্রবাহ বেড়েছে বলে পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মত দেওয়া হয়।
গতকাল বুধবার সংসদ ভবনে কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সফল কূটনৈতিক সম্পর্কের ফলে তিস্তায় পানির প্রবাহ বাড়ছে। ভবিষ্যতে এ প্রবাহ অব্যাহত থাকবে। বিএনপির লংমার্চের চাপে ভারত পানি ছেড়ে দিয়েছে, এমন ভাবা ঠিক হবে না।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে ভারতের সঙ্গে তিস্তাচুক্তি বাস্তবায়নের ব্যাপারে কূটনৈতিক তৎপরতা জোরদার করার সুপারিশ করা হয়।
রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রতিমন্ত্রী নজরুল ইসলামসহ তালুকদার আবদুল খালেক, এ কে ফজলুল হক, ফরিদুল হক খান, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও সেলিনা জাহান অংশ নেন।