বিএনপির লেজ-মাথা কে, কেউ জানে না: আশরাফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপির লেজ কে, আর মাথা কে—তা এখন কেউ জানে না। এক দলে তাঁদের দুই মত। দুই হাইকমান্ড। এখন তাঁদের দুই মাথাওয়ালা রাজনীতি।
আজ মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। গতকাল রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সৈয়দ আশরাফ।
আওয়ামী লীগের নেতা আশরাফ বলেন, বিএনপিতে বাম যা চায়, ডান তাতে রাজি না; আবার ডান যা চায়, বাম তাতে রাজি না। তাদের দলের কেন্দ্রবিন্দু কোথায় বাংলাদেশের মানুষ তা জানতে চায়।
বিএনপির সঙ্গে আলোচনা প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, তারেক রহমান বলছেন এই সরকারের সঙ্গে কোনো আলোচনা নয়। আবার খালেদা জিয়া বলছেন আলোচনা করতেই হবে। তাঁরা সব সময় মানুষকে দ্বিধাদ্বন্দ্বে রাখতে অভ্যস্ত।
নির্বাচনের আগে আলোচনায় বসার জন্য খালেদা জিয়াকে টেলিফোনে শেখ হাসিনা যে আমন্ত্রণ জানান তার উল্লেখ করে আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা আশা করেছিলাম, শেখ হাসিনার আহ্বানে খালেদা জিয়া ইতিবাচক সাড়া দেবেন। আলোচনার পথ সুগম করবেন। অথচ আমন্ত্রণ তিনি গ্রহণ করেননি; সত্যিকার অর্থেই তাঁরা আর কোনো আলোর মুখ দেখছেন না।’
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘বিএনপির জন্মই হয়েছে মিথ্যার ওপর ভিত্তি করে। খালেদা জিয়া অনর্গল মিথ্যা বলতে পারেন। যতই মিথ্যা বলে সত্যকে আড়াল করতে চান না কেন, তা আর সম্ভব হবে না।’
আশরাফুল ইসলাম বিএনপির উদ্দেশে বলেন, ‘তারা (বিএনপি) নির্বাচন প্রতিহত করতে চেয়েছিল। নির্বাচন প্রতিহত করতে গিয়ে তারা নিরীহ মানুষকে হত্যা করেছে, মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। গরু, ছাগল ও মুরগি পুড়িয়েছে, গাছ ধ্বংস করেছে।’ তিনি বলেন, ‘গাছ, মাছ, গরু ও ছাগল কী দোষ করল? তারা কি ভোটার ছিল যে তাদের পোড়ালেন। কেন তাদের পোড়লেন?’
সৈয়দ আশরাফ বিএনপির চেয়ারপারসনের উদ্দেশে বলেন, ‘তাঁর হাতে বাংলাদেশের মানুষ কেউ রেহাই পাবে না। এমনকি সাংবাদিক, গরু-ছাগল কেউ রেহাই পাবে না। আমরা এই ব্যবস্থার অবসান চাই।’