বিএনপির শর্ত একটাই নির্দলীয় সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংলাপের জন্য আবার নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের শর্তের কথা বলেছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ নেতা মওদুদ আহমদ গতকাল মঙ্গলবার এ শর্ত উল্লেখ করে বলেছেন, যত দিন সরকারপ্রধানের তরফ থেকে এই ঘোষণা না আসবে, তত দিন আন্দোলন চলবে।বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তবে তিনি এতে কোনো বক্তব্য দেননি। মওদুদ আহমদ বলেন, প্রধানমন্ত্রী বলছেন, আওয়ামী লীগের অধীনেই নির্বাচন হবে। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রস্তাব উপস্থাপন করতে। জনগণকে বিভ্রান্ত করার জন্য সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছে। এ বক্তব্য বিএনপি গ্রহণ করে না। সাবেক এই আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন, নিরপেক্ষ কিংবা অস্থায়ী যে নামের সরকারই হোক না কেন—এ নিয়ে সংলাপে বিএনপির শর্ত একটি। তা হচ্ছে, আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হবে—এর আগাম ঘোষণা প্রধানমন্ত্রীকে দিতে হবে। ঘোষণা না দিলে সমঝোতা কিংবা সংলাপের দরজা খুলবে না। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার বলেন, সরকার তত্ত্বাবধায়কব্যবস্থা বাতিল করেছে। তাই প্রস্তাব করাও সরকারেরই দায়িত্ব। প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্য এবং মন্ত্রীদের সম্পদের হিসাব দেওয়ার আহ্বান জানান এম কে আনোয়ার। তিনি অভিযোগ করেন, তাঁদের আয়-ব্যয়ে মিল না থাকায় হিসাব দেওয়ার কথা থাকলেও তা করা হচ্ছে না। এম কে আনোয়ার বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এ বিষয়টি দেখা হবে। বিএনপির সহসভাপতি বিচারপতি টি এইচ খানের সভাপতিত্বে আলোচনা সভায় জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর বক্তব্য দেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য মাহবুবুর রহমান, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, সাবেক সচিব এম আসাফ্উদ্দৌলাহ, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ।