নাশকতার আরেকটি মামলায় খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল রোববার খুলনার মুখ্য মহানগর হাকিম মেজবাহ উদ্দিন আহমেদ এই পরোয়ানা জারি করেন।
মামলায় আরও ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নজরুল ইসলাম খুলনা-২ আসনের সাবেক সাংসদ ও মনিরুজ্জামান সদ্য বরখাস্ত হওয়া খুলনা সিটি করপোরেশনের মেয়র। আগামী ৭ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে মহানগর যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ গাউসুল আযম, নগর বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কে এম হুমায়ুন কবীর, বিএনপি নেতা রবিউল ইসলাম, খেলাফত মজলিস নেতা মাওলানা নাসির উদ্দিন, শিবিরের সাবেক সভাপতি সাইদুর রহমান ও আজিজুল ইসলাম ফারাজীও রয়েছেন। এর আগে ১৬ নভেম্বর নজরুল ইসলাম ও মনিরুজ্জামানের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন মহানগর হাকিম আয়েশা আক্তার মৌসুমী।
আসামিপক্ষের আইনজীবী গোলাম মাওলা প্রথম আলোকে বলেন, ২০১৩ সালের ১৯ নভেম্বর অবরোধ চলাকালে নগরের পাওয়ার হাউস মোড়ে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় সদর থানা-পুলিশের উপপরিদর্শক অনুকূলচন্দ্র ঘোষ বাদী হয়ে পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে নজরুল ইসলাম ও মনিরুজ্জামানসহ ৫২ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন।