বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নামে মামলা দিয়ে সরকার আগামী নির্বাচন থেকে তাঁদের দূরে রাখার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার ভয়ভীতি দেখিয়ে বিএনপির নেতা-কর্মীদের আন্দোলন থেকেও দূরে রাখতে চায়। গতকাল সোমবার বিকেলে নয়া পল্টনে ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মামলা দিয়েছে। তারেক রহমান যেন নির্বাচনে অংশ নিতে না পারেন, সে জন্য তাঁকে সাজা দেওয়ার চেষ্টা চলছে। আরাফাত রহমানকে সাজা দেওয়া হয়েছে। তিনি বলেন, জিয়াউর রহমান ৩২ বছর আগে উপলব্ধি করেছিলেন, জনসংখ্যার অর্ধেক নারীদের কাজে লাগাতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব হবে না। সে জন্যই তিনি মহিলা দল গঠন করেছিলেন। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতায় বলেছেন, বাংলাদেশের নারীরা ভারতের নারীদের চেয়ে অনেক এগিয়ে। মহিলাদের এই এগিয়ে যাওয়ার কৃতিত্ব জিয়াউর রহমান ও খালেদা জিয়ার। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশে অর্থনীতিকে পিছিয়ে দিচ্ছে। ইউনূসের ওপর আঘাত এমনিতেই আসেনি। মহিলা দলের সভাপতি নুরী আরা সাফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও রাবেয়া সিরাজ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সাংসদ রাশেদা বেগম হিরা প্রমুখ বক্তব্য দেন।