বিএনপির শীর্ষ পাঁচ নেতার জামিন আবেদন নাকচ
রাজধানীর মতিঝিল থানায় করা পাঁচ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ শীর্ষ পাঁচ নেতার জামিন আবেদন নাকচ করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক এই আদেশ দেন।
গতকাল মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া ও ফজলুল হকের পক্ষে একটিতে এবং হাফিজ উদ্দিন আহমেদের পক্ষ দুটি মামলায় জামিনের আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করেন।
মির্জা ফখরুলের হাজিরা: ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে তিন থানার পৃথক মামলায় গতকাল আদালতে হাজিরা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল এসব মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
শুনানি মুলতবি: বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী সম্পর্কে ‘মানহানিকর বক্তব্য’ ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় অভিযোগ গঠনের শুনানি মুলতবি করেছেন আদালত। মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খন্দকার মোশাররফের পক্ষে শুনানি মুলতবি রাখার আবেদন করা হলে আদালত ৩০ মার্চ পর্যন্ত শুনানি মুলতবির আদেশ দেন।