বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে: তোফায়েল

বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, হরতাল-অবরোধ প্রত্যাহার করায় বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা বুঝতে পেরেছে সহিংসতা-নৈরাজ্য করে কখনো রাজনীতি হয় না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার আওয়ামী লীগের সদস্যরা আজ সোমবার সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।
বিএনপির সঙ্গে আলোচনার সুযোগ আছে কি না—জানতে চাইলে এই নেতা বলেন, ‘অবশ্যই আলোচনার সুযোগ আছে। তবে তার আগে, সহিংসতা ও নৈরাজ্য বন্ধ করতে হবে।’ তিনি বলেন, ‘গত সরকারের অসমাপ্ত কাজ সমাপ্ত করাই এ সরকারের চ্যালেঞ্জ। আশা করি, আমরা সে চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তোফায়েল বলেন, মুক্তিযুদ্ধের সময় অনেক দেশই বাংলাদেশকে সমর্থন করেনি। তারপরও বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবারও সরকার গঠনের পর কেউ কেউ সমর্থন করেনি। বাঙালি বীরের জাতি, আমরা সামনে এগিয়ে যাব।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল, সেটা আমরা সামাল দিতে সক্ষম হয়েছি। এরপরও কেউ নৈরাজ্য করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমু বলেন, ‘নির্বাচনে কে আসলো, সেটা বড় কথা নয়। দেশের মানুষ এ নির্বাচনকে স্বাগত জানিয়েছে এটাই বড় কথা।’ নবগঠিত সরকারের মেয়াদ কতো দিন হবে- এমন প্রশ্নের জবাবে আমু বলেন, সংবিধান অনুযায়ীই পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করবে সরকার।
গতকাল রোববার ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ নেয়।