বিএনপির শোভাযাত্রায় পুলিশের বাধা
চট্টগ্রাম অভিমুখে বিএনপির আজ রোববারের রোডমার্চ উপলক্ষে গতকাল শনিবার নারায়ণগঞ্জে একটি শোভাযাত্রা বের করা হয়। তবে পুলিশের বাধায় শোভাযাত্রাটি পণ্ড হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বেলা সাড়ে ১১টায় শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি কিছু দূর অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের বাগিবতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ থেকে ২৫০টি গাড়ি রোডমার্চে অংশ নেবে। তবে তাঁরা যাতে রোডমার্চে গাড়ি নিতে না পারেন, সে জন্য গাড়ির মালিকদের নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন দলের লোকজন। বক্তাদের আশঙ্কা, রোডমার্চে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে রাস্তায় কৃত্রিম যানজট সৃষ্টি করা হতে পারে। বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সহ-সম্পাদক ও জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির নেতা আনোয়ার হোসেন খান, জাহাঙ্গীর আলম, এ টি এম কামাল প্রমুখ।