বিএনপির সংগ্রাম কমিটি গঠনে চলছে ধীরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্র থেকে নির্দেশনা আসার পরও চট্টগ্রাম নগরে বিএনপির সংগ্রাম কমিটি গঠনের কাজ শেষ হয়নি। চট্টগ্রাম নগর এলাকায় ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার ২০০-এর বেশি। নগর বিএনপি ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে। ঈদের ছুটির কারণে নগরের বেশির ভাগ মানুষ ফিরে না আসায় সংগ্রাম কমিটি গঠনের প্রক্রিয়া ধীরগতিতে চলছে।

দলীয় সূত্র জানায়, সংগ্রাম কমিটি গঠনের ঘোষণা আসার পরই দলীয় নেতারা বৈঠক করে তৃণমূলের নেতাদের তাগিদ দেন। ঈদের তিন দিন আগে নগরের মেহেদীবাগের বাসায় অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে চট্টগ্রাম মহানগর এলাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।

দলীয় নেতারা জানান, ঈদের আগেই ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূলের নেতারা বৈঠক করে কেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেন। কিন্তু সব কটি কমিটি গঠিত হয়নি বলে জানা গেছে।

তৃণমূলের নেতা-কর্মীরা আরও জানান, চলতি সপ্তাহের মধ্যে সংগ্রাম কমিটি গঠনের প্রক্রিয়া শেষ হতে পারে। এই কমিটি ২৫ অক্টোবর থেকে পাড়ায় পাড়ায় সরকারবিরোধী আন্দোলন জোরদার করবে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নগরে কেন্দ্রভিত্তিক সংগ্রাম কমিটি গঠন প্রায় শেষ হয়ে গেছে। সবকিছুই আমরা তদারক করেছি। সংগ্রাম কমিটিতে দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষকে রাখা হয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টার প্রতিবাদে আমরা এই সংগ্রাম কমিটি গঠন করছি, যাতে সরকারের অন্যায় আচরণের প্রতিবাদ করতে পারি।’

কেন্দ্রীয় বিএনপির কার্যকরী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সরকার একতরফা নির্বাচন করার দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না। সংগ্রাম কমিটি একতরফা নির্বাচন প্রতিহত এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবি আদায় করে ছাড়বে। তাই আমরা ঈদের আগে থেকে চট্টগ্রামের পাড়ায় পাড়ায় সংগ্রাম কমিটি গঠনের কাজ শুরু করেছি।’